ডিপ্লোমা বেকার নার্সদের অনশন কর্মসূচি চলছে আটজন অসুস্থ
ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগে প্রধানমন্ত্রীর ঘোষণা উপেক্ষা করে জেলা কোটা অনুসরণের প্রতিবাদে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। রাজধানীর মুক্তাঙ্গনে গতকাল বৃহস্পতিবার আটজন নার্স অসুস্থ হয়ে পড়েন বলে সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়।অ্যাসোসিয়েশনের সভাপতি তাছলিমা বেগম জানান, কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। নিয়োগ নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন।সংগঠনের প্রতিনিধিদের মতে, ১৯টি জেলায় নার্সের সংখ্যা বেশি এই অজুহাত দেখিয়ে নার্স নিয়োগে এসব জেলাকে বাদ দিতে চাচ্ছে সরকার। গত ২৫ জানুয়ারি সংগঠনের প্রতিনিধিরা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হকের সঙ্গে দেখা করলে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না বলে আশ্বাস দিয়েছিলেন। অথচ গত ৬ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় ১৯ জেলা বাদ দিয়ে নিয়োগ কমিটির সভা করেছে বলে তাঁরা অভিযোগ করেন।