ডিবি ও র্যাব পরিচয়ে দুজনকে আটকের অভিযোগ শিবিরের
র্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে আল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহ নামের দুই নেতাকে আটক করার অভিযোগ করেছে ছাত্রশিবির। ৪ ফেব্রুয়ারি রাতে নবীনগর এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে সংগঠনটি দাবি করে।জানতে চাইলে র্যাবের আইন ও জনসংযোগ শাখার প্রধান কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, র্যাব এ নামের কাউকে আটক করেনি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিবির দাবি করে, গত শনিবার রাত সাড়ে ১১টায় হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তাঁরা ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে নবীনগরে র্যাব ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁদের নামানো হয়। হানিফ পরিবহনের লোকজনের মাধ্যমে তাঁরা এ তথ্য পান। এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না। ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহইয়া জানান, আল মুকাদ্দাস শিবিরের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাংস্কৃতিক সম্পাদক ও মো. ওয়ালিউল্লাহ অর্থ সম্পাদক।শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন ও সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার এক বিবৃতিতে অবিলম্বে তাঁদের দুই নেতার মুক্তি দাবি করেন।মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেন, এ ধরনের আটকের খবর তিনি জানেন না।