ডিবি পরিচয়ে ছিনতাইয়ে তৎপর সাতটি দল
পুলিশের ধারণা, গোয়েন্দা পুলিশ সেজে দুষ্কৃতকারীদের সাতটি দল রাজধানীতে ছিনতাইসহ নানা তৎপরতা চালাচ্ছে। এরা ব্যবসায়ীদের মাদক ও হুন্ডি কারবারি আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা নেয়। এমন একটি দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।ডিবি সূত্র জানায়, বুধবার রাতে ডিবি পুলিশের একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসের গতিরোধ করে। মাইক্রোবাসের আরোহীদের আচরণ সন্দেহ হলে ডিবি পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় আরোহীরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বজলুর রহমান (৩৮), ইকবাল হোসেন (৩৪) ও গাউছাকে (৩৫) গ্রেপ্তার করে। তাঁদের ব্যবহূত মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৩-২১৮৪) আটক এবং একটি ওয়াকিটকি ও লাঠি উদ্ধার করে ডিবি।ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া প্রতারকেরা তাদের সূত্রদের (সোর্স) দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের চিহ্নিত করে। ওই ব্যবসায়ীদের শিকার বানিয়ে হুন্ডি ও মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে তাঁদের কাছ থেকে টাকা নেয়। হুন্ডি অবৈধ ব্যবসা বলে তাঁরা এসব নিয়ে পুলিশের কাছে যান না।এডিসি বলেন, এই চক্রের সাতটি দল বিভিন্ন উপদলে বিভিক্ত হয়ে রাজধানীতে নানা তৎপরতা চালাচ্ছে। গত ২৮ সেপ্টেম্বর ডিবি সায়েদাবাদ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে তাঁদের কাছ থেকে একটি মাইক্রোবাস, দুই জোড়া হাতকড়া, একটি ওয়্যারলেস ও র্যাবের ব্যবহার করা বিভিন্ন উপকরণ উদ্ধার করে।এর আগে ১৯ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশ সেজে ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করে মিরপুর থানার পুলিশ। পুলিশ ছিনতাইয়ে ব্যবহূত দুটি গাড়ি, একটি ওয়্যারলেস সেট, র্যাব লেখা দুটি হাতকড়া ও একটি মুঠোফোন উদ্ধার করে।বুধবার রাতে গোয়েন্দা পুলিশ সেজে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে হাজারীবাগে বশিলা ব্রিজের কাছ থেকে নজরুল ইসলাম (৩৫) নামের যুবলীগের এক নেতার মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।