ডিবি পরিচয়ে বাড়ি কিনতে গিয়ে দুই প্রতারক পাকড়াও
গোয়েন্দা পুলিশ পরিচয়ে সাবেক প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) আবদুর রহিমের গুলশানের বাড়ি কিনতে গিয়ে ধরা পড়েছেন দুই প্রতারক। তাঁরা হলেন আনোয়ার হোসেন (৪৭) ও আবদুল খালেক (৩৬)। তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে দুই প্রতারক আবদুর রহিমের বাড়ির তৃতীয় তলায় যান। সেখানে গিয়ে তাঁরা ওই বাড়িটি কিনতে চান। এ সময় আবদুর রহিম তাঁদের পরিচয়পত্র দেখতে চাইলে প্রতারকেরা চলে যাওয়ার চেষ্টা করেন। তখন বাড়ির নিরাপত্তাকর্মীরা তাঁদের আটক করেন। পরে তাঁদের গুলশান থানায় সোপর্দ করা হয়।এ ব্যাপারে বাড়ির মালিক আবদুর রহিম বাদী হয়ে আনোয়ার হোসেন ও আবদুল খালেককে আসামি করে গুলশান থানায় মামলা করেছেন। গত শুক্রবার তাঁদের মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সাবেক পিআইও আবদুর রহিম প্রথম আলোকে জানান, গুলশান-১ এলাকার ২৬ নম্বর সড়কের ২০/এ নম্বর বাড়িতে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এর আগে ২০০৮ সালের ৫ মে তিন প্রতারক ভুয়া দলিল নিয়ে তাঁর বাড়িটি দখল করতে এসেছিল। ওই ঘটনায় শাজাহান মোল্লা, শাজাহান সিরাজ ও এনামুল হকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিচার এখন শেষ পর্যায়ে। এর ফলে প্রতারকচক্র আবার সক্রিয় হয়ে উঠেছে।