ডিবির চার অভিযান, বোমা ও গুলি উদ্ধার
রাজধানী ও এর আশপাশের চারটি স্থানে গত দুই দিন অভিযান চালিয়ে বোমা, বোমা তৈরির বিপুল সরঞ্জাম, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
অভিযান তত্ত্বাবধানকারী ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাতে বাড্ডার সাতারকুল এলাকায় প্রথম অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শাহ আলম ওরফে সালাউদ্দিন ওরফে হিরণ ও জামাল হোসেন ওরফে কামালকে গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে পরে গতকাল রাত পর্যন্ত মোহাম্মদপুর, আশকোনা ও টঙ্গীর তিনটি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। এর মধ্যে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে ২০টি বোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম, আশকোনা ও টঙ্গী থেকে গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে সাতারকুল থেকেও চাপাতি ও গুলি উদ্ধার করা হয়।
ডিবির এই উপকমিশনার বলেন, মোহাম্মদপুরের ওই বাসাটি ভাড়া নিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করে আসছিল। এই প্রথম তাদের কোনো আস্তানা থেকে বোমা উদ্ধার হলো।
তবে গতকাল দিনভর মোহাম্মদপুরের ওই বাসায় অভিযান চলার সময় সেখানে গণমাধ্যমকর্মীদের ঢুকতে দেয়নি ডিবি।
গত শুক্রবার রাতে বাড্ডার সাতারকুল এলাকায় আবদুল্লাহবাগে একটি মেসে প্রথম অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, মেসে ১০-১২ জন বাসিন্দা ছিল। তারা অভিযানের সময় বের হতে চাইলে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে তাদের একজনের চাপাতির কোপে ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী (৪২) গুরুতর আহত হন। পরে ওই বাসিন্দারা সেখান থেকে পালিয়ে যান। তবে সাতারকুল এলাকায় অভিযান চালিয়ে আরেকটি স্থান থেকে সালাউদ্দিন ও কামালকে গ্রেপ্তার করে ডিবি।
নবোদয় হাউজিংয়ে অভিযান: ডিবি বলছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নবোদয় হাউজিংয়ের বি ব্লকের ২৮ নম্বরে একটি বাড়ির পাঁচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। কিন্তু ডিবির উপস্থিতি টের পেয়ে তারা বাসাটি তালা মেরে পালিয়ে যায়। পরে ডিবি তালা ভেঙে ওই ফ্ল্যাটে ঢুকে বোমা তৈরির কারখানার সন্ধান পায়।
অভিযানে অংশ নেওয়া ডিবির একাধিক কর্মকর্তা বলেন, ফ্ল্যাটটির দেয়ালের বিভিন্ন স্থানে ‘বিপদ জনক’ লেখা কাগজের একাধিক টুকরা ঝোলানো ছিল। বিছানাসহ ফ্ল্যাটের বিভিন্ন স্থানে ছড়ানো-ছিটানো অবস্থায় বোমার নানা সরঞ্জাম পাওয়া গেছে। পুলিশ পাঁচতলা ওই বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে অভিযান শুরু করে। এ সময় ওই বাড়ির বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে রাতে যোগাযোগ করা হলে ডিবির উপকমিশনার বলেন, পাঁচতলার আস্তানা থেকে ২০টি বোমা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৯টি নিষ্ক্রিয় করা হয়েছে। উদ্ধার করা পাঁচ কেজি ওজনের একটি বোমা তুরাগ নদে নিষ্ক্রিয় করা হয়েছে।
ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে ডিবির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলও অভিযানে অংশ নেয়। তারা একের পর এক বোমা নিরাপদে উদ্ধার করে নবোদয় হাউজিংয়ের মাঠে নিয়ে আসে। এ সময় কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ডিবি বলেছে, বোমাগুলোর মধ্যে কয়েকটির ওজন আড়াই কেজি, তিন কেজি ও পাঁচ কেজি। বাকিগুলো টেনিস বলের মতো। বোমা উদ্ধার করে দিনভর সেগুলো নবোদয় হাউজিংয়ের মাঠে খালি জায়গায় নিষ্ক্রিয় করা হয়।
রাত আটটায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, দেড় মাস আগে সালাউদ্দিন ও তার সহযোগীরা ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বোমা বানানোর কারখানা হিসেবে ব্যবহার করছিল। নাশকতার পরিকল্পনা ছিল তাদের। পাশের ফ্ল্যাট থেকে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত ১২ জনকে আটক করা হয়েছে। বাড়ির মালিককে মোহাম্মদপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বোমা ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় মোহাম্মদপুর থানায় কোনো মামলা হয়নি।