জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত হত্যার ঘটনায় ডিবির হাতে গ্রেপ্তার চারজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ডিবির হাতে গ্রেপ্তার পিচ্চি কালাম, মো. ফয়সাল, সাইদুল ইসলাম ও পেদা মাসুদকে গতকাল রোববার ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে র্যাাব বলেছে, একই ঘটনায় তাঁদের হাতে আটক একজনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাতটার দিকে র্যাাব-১-এর উপ-অধিনায়ক মেজর মুশতাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আজ (গতকাল) দুপুরের দিকে র্যাাবের হাতে গ্রেপ্তার হওয়া কামালকে ডিবির কাছে পাঠানো হয়। হস্তান্তরের প্রতিবেদন আমরা হাতে পেয়েছি।’তবে এরপর যোগাযোগ করা হলে ডিবি পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেনি। মামলার তদারক কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা এখন পর্যন্ত র্যাাবের পক্ষ থেকে কোনো আসামি পাইনি।’ এই ডিবি কর্মকর্তা বলেন, ডিবির হাতে গ্রেপ্তার হওয়া চার ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। ঘটনাস্থলে আসামিদের উপস্থিতি ছিল কি না, তা নিশ্চিত করতেই এ পরীক্ষার প্রয়োজন। প্রতিবাদ সভা: এদিকে চিকিৎসক নারায়ণ চন্দ্র হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের দ্রুত বিচার করা, চিকিৎসকদের নিরাপত্তা বিধানসহ বেশ কয়েকটি দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ। গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ সভা হয়। সভায় একই দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। পরবর্তী কর্মসূচি হলো: আগামী বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা, সোমবার ঢাকা মেডিকেল কলেজ ও বৃহস্পতিবার বক্ষব্যাধি ইনস্টিটিউটে প্রতিবাদ সভা এবং আগামী শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বটতলায় প্রতিবাদ সমাবেশ। নারায়ণ চন্দ্র দত্ত বৃহস্পতিবার ভোরে বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসকদের আবাসে খুন হন। শুক্রবার ডিবি পুলিশ চারজনকে গ্রেপ্তার করে গণমাধ্যমের সামনে উপস্থিত করে। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা লুটপাটের উদ্দেশে ওই বাসায় যাওয়া ও বাধা পাওয়ায় নারায়ণ চন্দ্রকে হত্যা করার কথা স্বীকার করেন। ডিবি পুলিশ এ তথ্যকে প্রাথমিক হিসেবে ধরে ‘প্রকৃত কারণ’ উদ্ঘাটনে আরও তদন্ত ও বাকিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে দাবি করেছে। নিহতের স্বজন ও সহকর্মীদের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।