ডিবেটিং সোসাইটির নেতাদের লাঞ্ছনার ঘটনায় বহিষ্কার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদককে লাঞ্ছনার ঘটনায় দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার রাতে কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে। বহিষ্কৃত দুই ছাত্র হলেন ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র সৈয়দ আশিক এবং ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দুল সিজান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, কেন তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে জন্য কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।ডিবেটিং সোসাইটির সভাপতি শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বিকেলে সংগঠনের সাধারণ সভা চলাকালে সাবেক সভাপতি সৈয়দ আশিকের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল থেকে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের ৫০-৬০ জন ছাত্রলীগ কর্মীকে নিয়ে এসে সভায় হামলা চালান। তবে হামলায় অংশগ্রহণকারী অধিকাংশরাই ছিলেন সংগঠনের বিভিন্ন হল শাখার বিতার্কিক। বর্তমান সভাপতির প্রতি অনাস্থা এনে তাঁরা এ হামলা চালিয়েছেন বলে জানা গেছে।এদিকে হামলার ঘটনায় জড়িতদের বিচার চেয়ে ডিবেটিং সোসাইটি গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে মানবন্ধন করেছে। প্রতিপক্ষ একটি গ্রুপও সংবাদ সম্মেলন করেছে।