ডিসি-১০ নয়, দরকার জেট ওয়ান চালানোর নেতৃত্ব

শিল্পায়নের জন্য দেশে দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের দরকার বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান। তিনি বলেন, পুঁজি তেমন সমস্যা নয়। বাংলাদেশে পুঁজি আছে এবং শিল্পায়নের সব ধরনের সম্ভাবনাও এখানে বিদ্যমান। দরকার এখন দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের, যে নেতৃত্ব পুরোনো ডিসি-১০ উড়োজাহাজ চালাবে না, চালাবে আধুনিক জেট ওয়ান।
রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) আয়োজনে দুই দিনব্যাপী ‘বাংলাদেশের যাত্রা: দ্রুততর রূপান্তর’ শীর্ষক সম্মেলনের সমাপনী দিনে রেহমান সোবহান এসব কথা বলেন।
সমাপনী দিনের ৯টি অধিবেশনের মধ্যে ‘শিল্পবিপ্লবের দিকে’ শীর্ষক শেষ অধিবেশনটির সঞ্চালক ছিলেন রেহমান সোবহান। এ অধিবেশনের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনীতি-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম আর বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
অধিবেশনটিতে নির্ধারিত আলোচক ছিলেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, যুক্তরাজ্যের উলস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস আর ওসমানী, মেট্রো চেম্বারের সভাপতি নিহাদ কবির এবং বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ফয়সাল আহমেদ।
অধিবেশনের বিষয়বস্তু শিল্পবিপ্লব হলেও বেশির ভাগ আলোচকই কথা বলেন শিল্পায়ন নিয়ে। রেহমান সোবহান শিল্পায়নের জন্য ‘বিনিয়োগ মডেল’ পরিবর্তনের পরামর্শ দেন। তিনি বলেন, ব্যাংকঋণ নিয়ে শিল্প করলে অনেক সময় ভুল বিনিয়োগও হয়ে যায়, যা পরে খেলাপি ঋণে পরিণত হয়।
বাংলাদেশে বিনিয়োগ খরচ বেশি—এমন মন্তব্য করে রেহমান সোবহান বলেন, দেশে ছোট-বড় সব ধরনের ঝুঁকিমুক্ত শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠতে পারত পুঁজিবাজারের মাধ্যমে। কিন্তু প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বড় ধরনের দুর্নীতি হওয়ায় পুঁজিবাজারকে অনেকেই মনে করেন ক্যাসিনো এবং মানুষ এখানে জুয়া খেলতে আসে।
উন্নয়নের পরবর্তী ধাপে যেতে হলে রপ্তানিপণ্যের বহুমুখীনতা, অর্থনীতির ভিত মজবুত করা এবং উৎপাদনশীলতা বাড়ানো দরকার বলে মনে করেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, কাজটা চ্যালেঞ্জের। এত জনবসতিপূর্ণ দেশ, আধা শিল্পায়িত ও আধা নগরায়িত। শিল্পায়ন কীভাবে সম্ভব? আবার এই পর্যায়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করাও জরুরি। যেটা করতে গেলে আবার বিনিয়োগ খরচ বেড়ে যায়, যার বড় উদাহরণ হচ্ছে হাজারীবাগের ট্যানারি।
তবে নিজের আস্থার কথা জানিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘এত কিছুর পরও আমাদের শিল্পপতিরাই তো দেখিয়ে দিয়েছেন কীভাবে সম্ভব।’
উলস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস আর ওসমানী বলেন, শিল্পের জন্য বিনিয়োগ দরকার। অথচ সঞ্চয় অনুযায়ী বিনিয়োগ কম। বিনিয়োগের বড় বাধা হচ্ছে অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা তৈরি হয় গণতান্ত্রিক চর্চার অভাবে।
এস আর ওসমানী আরও বলেন, গণতন্ত্র মানে শুধু ৫ বছর পর একটা করে নির্বাচন নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকটিও বড়। আর এখন তো ব্যক্তিগত নিরাপত্তার দিকটি আরও বড়। এসব সমস্যার সমাধান ছাড়া শিল্পবিপ্লবের চিন্তা অসম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনীতি-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, বাংলাদেশে শিল্পবিপ্লব নিয়ে তিনি আশাবাদী এবং ঢাকা থেকে টাঙ্গাইল, গাজীপুর, সাভার বা নারায়ণগঞ্জের দিকে গেলে তিনি শুধু শিল্পায়নই দেখতে পান।
শিল্প পুলিশ গঠনের পর শ্রমিক অসন্তোষ কমে গেছে উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, অনেকে মনে করেন শিল্পকারখানা করতে গেলে ব্যাপক শিক্ষিত হতে হয়। এটা ঠিক নয়। উদাহরণ হিসেবে দেশের বড় কয়েকটি গ্রুপের নাম উচ্চারণ করেন তিনি, যেসব গ্রুপের মালিকদের অত প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।
শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, শিল্পবিপ্লব শুরু করার দরকার নেই, এটা অনেক আগেই শুরু হয়ে গেছে। অনেকেই এত বড় বড় কারখানা করেছেন যাঁদের অত বেশি পড়াশোনা নেই। বর্তমানে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শিল্পের অবদান ২৮-২৯ শতাংশ এবং ২০২১ সালে এ অবদান ৩৫ থেকে ৪০ শতাংশে উন্নীত হবে।
শিল্পসচিবের কথা শুরু হওয়ার আগে রেহমান সোবহান তাঁর কাছে স্যামসাংয়ের কারখানা স্থাপনে কোরিয়ার বিনিয়োগটি না আসার কারণ জানতে চান। এর জবাবে শিল্পসচিব বলেন, ‘স্থানীয় শিল্পপতিরা জমি চেয়েছিলেন। তা ছাড়া কোরীয় ইপিজেড আড়াই হাজার একর জমি নিয়ে পুরো জায়গা কাজে লাগাতে পারছিল না।’
স্যামসাংয়ের বিনিয়োগটি না হওয়ায় বিদেশি বিনিয়োগ কিছু বাধাগ্রস্ত হয়েছে বলেও স্বীকার করেন মোশাররফ হোসেন ভূঁইয়া।