ডিসিসি নির্বাচন ও আধিপত্য নিয়ে বিরোধই খুনের কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ও এলাকার আধিপত্য নিয়ে বিরোধে খুন হয়েছেন রাজধানীর শ্যামপুর-কদমতলী থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদউল্লাহ। খুনের নেপথ্যে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার হাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে ওই নেতার ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।মোহাম্মদউল্লাহ খুনের অভিযোগে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হওয়া চার যুবকের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ এই তথ্য জানিয়েছে। গ্রেপ্তার হওয়া যুবকেরা পুলিশকে জানান, পুরান ঢাকার অন্যতম সন্ত্রাসী আমীর হোসেন ওরফে কাইল্লা আমীর ও ইমনের কথামতো এই হত্যাকাণ্ড ঘটেছে। সন্ত্রাসী ইমন দক্ষিণ আফ্রিকায় ও আমীর ভারতে অবস্থান করছে বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছে।গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে পূর্ব জুরাইনের কমিশনার রোডে সন্ত্রাসীদের গুলিতে খুন হন মোহাম্মদউল্লাহ ও তাঁর গাড়িচালক হারুন উর রশীদ। এ ঘটনায় গত তিন দিনে নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শাহ আলম হাওলাদার (২৭), জাকির (২৮), শরীফুল ইসলাম (২৭) ও মো. জুম্মনকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। এর আগে র্যাবের একটি দল ৪৫টি গুলিসহ আরিফ ও প্রিন্স নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এরা দুজনই সন্ত্রাসী ইমনের সহযোগী। গ্রেপ্তার হওয়া চারজনকে নিয়ে গতকাল ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম জানান, ডিবি পুলিশ গত সোমবার পোস্তগোলা সেতুর ওপর থেকে জুম্মনকে গ্রেপ্তার করে। এরপর গত মঙ্গলবার শ্যামপুর থেকে সাতটি গুলিভর্তি রিভলবারসহ গ্রেপ্তার করা হয় শাহ আলমকে। এরপর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে কদমতলী থেকে জাকিরকে এবং গতকাল বুধবার ভোরে কদমতলীর মোহাম্মদবাগ থেকে শরীফুলকে গুলিভর্তি একটি রিভলবারসহ গ্রেপ্তার করা হয়।কারণ: কার নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে, জানতে চাইলে জাকির গোয়েন্দা পুলিশকে জানান, ইমন ও কাইল্লা আমীরের পরিকল্পনা ও নির্দেশনায় হত্যাকাণ্ডটি ঘটেছে। এ জন্য ওই এলাকারই এক ‘বড়ভাই’ কাইল্লা আমীরের কাছে মোটা অঙ্কের টাকাও পাঠিয়েছেন।জাকির ডিবিকে জানিয়েছেন, শরীফ এসব কথা তাঁকে জানান। গ্রেপ্তার হওয়া শরীফ সাংবাদিকদের জানান, ৮৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান খোকনের ঘনিষ্ঠ তিনি। হত্যার কারণ সম্পর্কে তিনি জানান, মোহাম্মদউল্লাহ আসন্ন ডিসিসি নির্বাচনে ওয়ার্ড কমিশনার পদের প্রার্থী ছিলেন। এই প্রার্থিতা নিয়ে ৮৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি নূর হোসেন ও সাধারণ সম্পাদক রায়হান খোকনের সঙ্গে মোহাম্মদউল্লাহর কোন্দল ছিল। ডিবির হাতে গ্রেপ্তার হওয়া জুম্মন জিজ্ঞাসাবাদে জানান, দক্ষিণ আফ্রিকা থেকে সন্ত্রাসী ইমন তাঁকে টেলিফোনে জাকিরের সঙ্গে যোগাযোগ করে মোহাম্মদউল্লাহকে খুন করতে বলে। তাঁদের পরিকল্পনা ছিল ২১ ফেব্রুয়ারি খুন করা, কিন্তু তা সম্ভব হয়নি। ২৩ ফেব্রুয়ারি তাঁরা ঘটনাটি ঘটান।তবে অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা জানান, মোহাম্মদউল্লাহর কারণে সরকারদলীয় প্রভাবশালীর অবৈধ আয় বন্ধ হয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয় ডিসিসি নির্বাচনে কমিশনার প্রার্থিতা নিয়ে দ্বন্দ্ব।আড়ালে লোকটি কে?: সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই খুনের ঘটনা ঘটেছে। তবে মূল পরিকল্পনাকারীসহ ইমন ও আমীর গ্রেপ্তার হলে বিষয়টি আরও স্পষ্ট হবে।উপকমিশনার বলেন, ইমন ও কাইল্লা আমীরের নির্দেশনায় গ্রেপ্তার হওয়া শরীফ সবাইকে অস্ত্র সরবরাহ করেন। হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন জাকির। এঁরা সবাই ভাড়াটে খুনি। এই হত্যাকাণ্ডে বিপুল অর্থের লেনদেন হয়েছে বলেও তিনি জানান।