ডিসিসি নির্বাচন: রুল শুনানির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নে রুল শুনানির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ। এ-সংক্রান্ত রুল শুনানির জন্য হাইকোর্টে বিষয়টি উপস্থাপন করা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য বিষয়টি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। পরে একরামুল হক প্রথম আলোকে বলেন, রুল চূড়ান্ত শুনানির জন্য বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়েছে। ২৭ মার্চ বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসার সম্ভাবনা রয়েছে।গত বছরের ৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুসারে ওই বছরের ২৪ মে ডিসিসি নির্বাচন হওয়ার কথা ছিল। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করায় ওই নির্বাচন বন্ধ রাখার দাবি জানিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে ১৬ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। রুল জারির পাশাপাশি ভোটের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করতেও নির্দেশ দেওয়া হয়।জানা যায়, পরবর্তী সময়ে স্থগিতাদেশের মেয়াদ কয়েক দফা বৃদ্ধি করা হয়। সর্বশেষ রিট আবেদনকারীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৮ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তিন মাসের জন্য স্থগিতাদেশের মেয়াদ বাড়ান।আদালত সূত্র জানায়, হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি গত বছরের ১২ আগস্ট স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। সর্বশেষ অবস্থা সম্পর্কে ইসির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী প্রথম আলোকে বলেন, বিষয়টি এখন বিচারাধীন রয়েছে। শুনানির জন্য কার্যতালিকায় আসেনি।