ডিসিসি নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ-প্রক্রিয়া শুরু
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের জন্য ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ৩৫ হাজার ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে কমিশন সূত্র জানিয়েছে।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ডিসিসি নির্বাচনের ব্যাপারে কমিশন একাধিকবার স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তাগাদা দিয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তবু আগামী শীতে নির্বাচন হবে, এমন লক্ষ্য সামনে রেখে কমিশন ভোট গ্রহণ কর্মকর্তার নিয়োগ-প্রক্রিয়া শুরু করাসহ আরও কিছু প্রাথমিক কাজ আগেভাগেই সেরে রাখতে চাইছে।কমিশনের পরিকল্পনা অনুযায়ী গত ডিসেম্বরেই ডিসিসি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত মামলার কারণে তখন নির্বাচন করা সম্ভব হয়নি। এরপর এপ্রিল-মে মাসে নির্বাচন করার চিন্তাভাবনা করলেও সরকারের অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত নির্বাচন হয়নি। আইনগতভাবে ওয়ার্ডের সীমানা নির্ধারণের দায়িত্ব মন্ত্রণালয়ের। কমিশন থেকে এ বিষয়ে বারবার তাগিদ দেওয়া হলেও মন্ত্রণালয় ইতিবাচক কোনো পদক্ষেপ এখনো নেয়নি।তবে সরকারপক্ষের আগ্রহ না থাকলেও কমিশন নির্বাচনের প্রাথমিক কাজগুলো আগেভাগেই সেরে রাখতে চায়। তারই অংশ হিসেবে ভোট গ্রহণ কর্মকর্তার নিয়োগ-প্রক্রিয়া শুরু করা হয়েছে। জানা গেছে, ডিসিসি নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা হবে দুই হাজার ২৭টি। বুথের সংখ্যা হবে নয় হাজার ৫০৫টি। এই হিসাবে প্রতি কেন্দ্রে একজন করে দুই হাজার ২৭ জন প্রিসাইডিং কর্মকর্তা, প্রতি বুথে একজন করে নয় হাজার ৫০৫ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং প্রতি বুথে দুজন করে করে ১৯ হাজার ১০ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অচিরেই ঢাকার বিভাগীয় উপনির্বাচন কমিশনারকে দায়িত্ব দেওয়া হবে।সূত্র জানিয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে ডিসিসি নির্বাচনেও রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে।প্রসঙ্গত, হালনাগাদ শেষে বর্তমানে ডিসিসির ভোটার সংখ্যা ৩৭ লাখ ৫৫ হাজার ৬৯০ জন।