ডিসিসিতে প্রশাসক নিয়োগে আইন সংশোধনের সুপারিশ
মেয়াদোত্তীর্ণ ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) মেয়রের স্থলে প্রশাসক নিয়োগের জন্য প্রয়োজনীয় আইন সংশোধনের সুপারিশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।গত বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভায় এ সুপারিশ করা হয়।সভাসূত্র জানায়, সভায় একাধিক সদস্য বলেন, একজন সাংসদ যেখানে নির্দিষ্ট মেয়াদের বাইরে বহাল থাকতে পারেন না, সেখানে কীভাবে একজন মেয়র মেয়াদ শেষ হওয়ার পরও বছরের পর বছর বহাল থাকেন। সভায় মন্ত্রণালয় থেকে জানানো হয়, বর্তমান সিটি করপোরেশন আইনের কারণে এমন হচ্ছে। এ আইন সংশোধন প্রয়োজন। কমিটি দ্রুততম সময়ে এ আইন সংশোধনের সুপারিশ করে।সভায় পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংশোধনে বিল উত্থাপনের সুপারিশ করা হয়, যাতে সংসদের আগামী অধিবেশনে এটি বিল আকারে পাস করা সম্ভব হয়। সভায় ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ নিয়েও আলোচনা হয়।কমিটির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফ আলী খান ও আশরাফুন নেছা মোশাররফ অংশ নেন।স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।সভা শেষে রহমত আলী সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশন ও পৌরসভা মেয়াদোত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসক নিয়োগ দেওয়া প্রয়োজন। এ জন্যই এ-সংক্রান্ত আইন দ্রুত সংশোধনের সুপারিশ করা হয়েছে। প্রয়োজনীয় আইন সংশোধন করতে কমিটি মন্ত্রণালয়কে আগামী অধিবেশনের আগে এ-সংক্রান্ত বিল উত্থাপনের সুপারিশ করেছে।সভায় ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের পানিনিষ্কাশন, পয়োনিষ্কাশন ও বর্জ্য-ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এসব খাতে আরও পরিকল্পিতভাবে কাজ করার সুপারিশ করা হয়। এ দুই সিটি করপোরেশনের আয় বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শও দেওয়া হয়। সভায় দেশের দুধের চাহিদা মেটানোর লক্ষ্যে মিল্ক ভিটার নতুন দুগ্ধ শীতলীকরণ প্ল্যান্ট স্থাপনের পাশাপাশি পুরোনোগুলো মেরামত করে সচল রাখার পরামর্শ দেওয়া হয়।