ডিসিসিতে প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এ মুহূর্তে ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) প্রশাসক নিয়োগ হচ্ছে না। এখানে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। গতকাল বুধবার জাতীয় সংসদে মহিলা আসনের সাংসদ মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।২০০৭ সালের মে মাসে ডিসিসি নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু এখনো এ নির্বাচনের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।বিকেলে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনের শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী, শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয় বলে জানান তিনি।মন্ত্রী বলেন, ডিসিসির নির্বাচন বিলম্বের সুনির্দিষ্ট কোনো কারণ নেই। ডিসিসিসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন করার এখতিয়ার নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যথাসময়ে এই নির্বাচনের উদ্যোগ নেবে। এ মুহূর্তে ডিসিসিতে প্রশাসক নিয়োগেরও পরিকল্পনা সরকারের নেই বলে উল্লেখ করেন তিনি।সৈয়দ আশরাফ জানান, দেশের সব স্থানীয় সরকারের নির্বাচন পর্যায়ক্রমে সম্পন্ন হচ্ছে। সম্প্রতি সব পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। তা ছাড়া সারা দেশে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় এরই মধ্যে উপকূলীয় ১২টি জেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।আসমা জেরিনের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ঢাকা শহরের পানির চাহিদা পূরণের লক্ষ্যে এ পর্যন্ত ৬৪টি গভীর নলকূপ স্থাপন এবং ৭৫টি নলকূপ প্রতিস্থাপন করেছে। এর ফলে পানির উৎপাদন ২৫ থেকে ৩০ কোটি লিটার বেড়েছে। বর্তমানে ঢাকা ওয়াসা ৫৭৫টি গভীর নলকূপ এবং চারটি পানি শোধনাগারের মাধ্যমে দৈনিক ২০৬ থেকে ২১০ কোটি লিটার পানি উৎপাদন করছে।এ ছাড়া বর্তমান সরকারের আমলে ১৫০ কিলোমিটার নতুন পানির লাইন নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি।শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্ষা মৌসুমে ঢাকা সিটি করপোরেশন এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে ঢাকা ওয়াসা প্রতিবছর বর্ষা মৌসুমের আগেই খাল, পাইপ ড্রেন ও বক্স কালভার্ট পরিষ্কার করে পানির প্রবাহ চলমান রাখার ব্যবস্থা করে। বর্তমানে নগরের জলাবদ্ধতা দূরীকরণে বিশ্বব্যাংকের সহায়তায় এক হাজার ১৬০ কোটি টাকা ব্যয়ে বিদ্যমান খালগুলো সংস্কার, পাড় বাঁধানো, ওয়াকওয়ে ও স্থায়ী পাম্পিং স্টেশন নির্মাণ এবং ড্রেনেজ মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে।বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৬০ হাজার ৮৮৬টি কৃষি সমবায় সমিতি রয়েছে। কৃষি সমবায়ীদের জন্য ইতিমধ্যে ৩২০ কোটি ৫০ লাখ টাকা ঘূর্ণমান ঋণ হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে।