ডিসিসিতে স্থিতাবস্থা অকার্যকর বিবেচনায় আবেদন খারিজ
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও কমিশনারদের দায়িত্ব পালনে স্থিতাবস্থা জারির আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর তৃতীয় বেঞ্চ এ আদেশ দেন।আদেশে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ইতিমধ্যে দুজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসকেরা কাজ শুরু করেছেন। এ অবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালনে স্থিতাবস্থার আবেদন অকার্যকর হয়ে পড়েছে। তাই আবেদনটি খারিজ করা হলো।ডিসিসি বিভক্তির বৈধতা চ্যালেঞ্জ করে সাদেক হোসেন খোকা গত ৩০ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। এতে তৎকালীন নির্বাচিত প্রতিনিধিরা যাতে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য স্থিতাবস্থা জারির আরজি জানানো হয়। প্রাথমিক শুনানি নিয়ে ৩০ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি বিষয়টি বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বেঞ্চে পাঠান। এ আদালতে প্রশাসকের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে সাদেক হোসেন খোকা সম্পূরক আবেদন করেন।আবেদনকারীর পক্ষে ড. কামাল হোসেন ও আখতার ইমাম এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। পরে আখতার ইমাম জানান, আদেশের কপি হাতে পাওয়ার পর আবেদনকারীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।