পর্যটন করপোরেশনের প্রধান ভবনসহ সব স্থাপনা ভেঙে ফেলায় ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) কাছে পৌনে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এয়ারপোর্ট রোড থেকে রোকেয়া সরণি লিংক রোড পর্যন্ত নির্মাণের সময় এসব ভবন ভাঙা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন করপোরেশন বাণিজ্যিক প্রতিষ্ঠান বলে সংস্থার আয়ে পরিচালিত হয়। তাই ডিসিসিকে এই ক্ষতিপূরণ দিতেই হবে।এদিকে ডিসিসি জানিয়েছে, পর্যটন করপোরেশন যে ক্ষতিপূরণ দাবি করেছে, তা দেওয়ার কোনো সুযোগ বা এখতিয়ার তাদের নেই। বিমান বাহিনীর নিয়ন্ত্রণাধীন ১১ দশমিক ৩২ একর জমি সিটি করপোরেশনকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে পর্যটন করপোরেশনের কোনো জমি ডিসিসিকে দেওয়া হয়নি। তাই এ বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না।জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী প্রথম আলোকে বলেন, ‘আমরা ডিসিসির কাছে ক্ষতিপূরণ দাবি করেছি। কিন্তু তারা জানিয়েছে, ক্ষতিপূরণ দেওয়ার মতো সুযোগ তাদের নেই।’ তিনি আরও বলেন, ‘এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছ থেকে এ ক্ষতিপূরণ আদায়ের পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়, আমরা তাদেরও চিঠি পাঠিয়েছি।’ তা ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বলে জানান সচিব।মন্ত্রণালয় সূত্র জানায়, পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয়, ২৩৩ বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, তেজগাঁওয়ে ২ দশমিক ১৩৭৫ একর জমির ওপর প্রায় ৩৫ হাজার বর্গফুট পাকা ও আধা পাকা ভবন ছিল। স্থানীয় সরকার বিভাগের গ্রহণ করা প্রকল্প ‘এয়ারপোর্ট রোড থেকে রোকেয়া সরণি লিংক রোড’ প্রকল্প বাস্তবায়নের সময় ডিসিসি পর্যটনের এই কার্যালয় ভেঙে দেয়। নতুন রাস্তা নির্মাণ প্রকল্প বাস্তবায়নকালে এ সংস্থার প্রায় চার কোটি ৭১ লাখ টাকার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পরে ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়।ক্ষয়ক্ষতি: যেসব স্থাপনা ভেঙে ফেলা হয়েছে তা পুনর্নির্মাণের জন্য যে ব্যয় হবে, তা ধরেই ক্ষয়ক্ষতি চার কোটি ৭১ লাখ টাকা নিরূপণ করা হয়েছে।ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে স্থানীয় সরকারসচিব মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, যেহেতু ডিসিসি এসব স্থাপনা ভেঙেছে, তাই এ ক্ষতিপূরণ ডিসিসিকেই দিতে হবে। তবে এসব স্থাপনা ভেঙে ফেলার আগে যদি ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোনো চুক্তি না হয়ে থাকে, তবে ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে জটিলতা হতে পারে। সূত্র জানায়, প্রধান কার্যালয়ের বাড়িভাড়া পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে এক কোটি টাকা বিশেষ আর্থিক মঞ্জুরি দেওয়ার জন্য অনুরোধ জানায় পর্যটন মন্ত্রণালয়। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, তারা কোনো টাকা দিতে পারবে না।অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং বিভাগ থেকে পর্যটন মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, পর্যটন করপোরেশন লাভ-ক্ষতির ভিত্তিতে পরিচালিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়ায় সংস্থার নিজস্ব আয়ের মাধ্যমে প্রধান কার্যালয়ের বাড়িভাড়ার ব্যয় নির্বাহ করতে হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ অর্থ আদায় করেই তাদের বাড়িভাড়া দিতে হবে।জানা গেছে, পর্যটন করপোরেশনের প্রধান ভবন ভেঙে ফেলার পর তা সাময়িকভাবে মহাখালীর ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের কার্যালয়ে স্থানান্তর করা হয়। এতে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের (এনএইচটিটিআই) স্বাভাবিক শিক্ষার কার্যক্রম ব্যাহত হওয়াসহ নানা প্রশাসনিক সমস্যা সৃষ্টি হওয়ায় পর তা সরিয়ে আনা হয়। পরে মাসিক আট লাখ টাকা ভাড়ায় সেতু ভবনের ষষ্ঠ তলায় পর্যটনের প্রধান কার্যালয় নিয়ে আসা হয়।পর্যটন করপোরেশনের কর্মকর্তাদের দাবি, এভাবে অফিস পরিবর্তনের ফলে এবং ভাড়া পরিশোধের ফলে করপোরেশনের লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে। এ ছাড়া স্থানস্বল্পতার কারণে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজ বিঘ্নিত হচ্ছে।