ডিসিসির জবাইখানা বেহাল মানসম্মত মাংস অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে জবাইখানার স্বল্পতাসহ বিভিন্ন সমস্যার কারণে বেশির ভাগ পশু জবাইয়ের কাজ চলছে বাজার বা ড্রেনের পাশে। পশু ও তার মাংস চিকিৎসকের পরীক্ষা করার কথা থাকলেও সে নিয়ম মানা হচ্ছে না। এ কারণে নাগরিকদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস পাওয়ার বিষয়টি অনিশ্চিত থেকে যাচ্ছে।পরিবেশ নষ্ট হচ্ছে- এলাকাবাসীর এ অভিযোগে কসাইটুলি ও গুলশানের দুইটি জবাইখানা বন্ধ করে দেওয়া হয়েছে। ডিসিসি-র দেওয়া তথ্যমতে, বর্তমানে হাজারীবাগ, মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনারসংলগ্ন এলাকা, মিরপুর ১১ নম্বর সেকশন, কাপ্তানবাজার এবং মোহাম্মদপুরে পশু জবাইখানা আছে। মোহাম্মদপুর টাউন হল মার্কেটের ‘শাহাবুদ্দীন মাংস বিতানের’ স্বত্বাধিকারী মো. জনি প্রথম আলোকে বলেন, এ বাজারে একটি পশু জবাইখানা তৈরির জন্য ডিসিসিকে বারবার বলা হলেও কোনো কাজ হয়নি। এখানে ড্রেনের পাশে অপরিচ্ছন্ন পরিবেশে জবাই করে ড্রেনেই রক্ত এবং অন্যান্য কঠিন বর্জ্য ফেলা হচ্ছে। উন্নয়ন লালফিতায়: ১৯৯৫ সাল থেকে গাবতলীতে একটি মানসম্মত জবাইখানা তৈরির প্রক্রিয়া চললেও তহবিলের উৎস নিশ্চিত না হওয়াসহ বিভিন্ন কারণে তা আলোর মুখ দেখেনি। ২০০৮ সালের নভেম্বরে পরিকল্পনা কমিশনের এক সভায় গাবতলী এলাকায় আধুনিক কসাইখানা বা জবাইখানা নির্মাণের প্রসঙ্গ আলোচিত হয়। ডিসিসির ভেটেরিনারি কর্মকর্তা মো. আজমত আলী প্রথম আলোকে জানান, দেশের ছয়টি সিটি করপোরেশনে উন্নতমানের ছয়টি জবাইখানা তৈরির বিষয় প্রক্রিয়াধীন আছে। সরেজমিনে এক জবাইখানা: বঙ্গভবনের অদূরে অবস্থিত কাপ্তানবাজার জবাইখানা। এখানে পশুর স্বাস্থ্য ও মাংসের মান পরীক্ষার জন্য একজন চিকিৎসক আছেন। তবে সম্প্রতি একদিন গিয়ে তাঁকে পাওয়া যায়নি। কয়েকজন কর্মী জানালেন, সেখানে কোনো যন্ত্রপাতি নেই। চিকিৎসক এসে চোখের দেখা দেখে চলে যান।তত্ত্বাবধানের দায়িত্বে থাকা পরিদর্শককেও এদিন পাওয়া যায়নি। পানির তীব্র সংকটের কারণে জবাইখানার পরিবেশ খুবই খারাপ। অপরিচ্ছন্ন পরিবেশেই পশুর চামড়া ছাড়াতে দেখা যায়। প্রায় গেটের সঙ্গেই ময়লা ফেলার ডাস্টবিন। নিরাপত্তাকর্মী মো. মনিরুল ইসলাম জানালেন, কাপ্তানবাজারের বেশির ভাগ মাংস ব্যবসায়ীই এখানে আসেন না। ব্যবসায়ীরাও স্বীকার করলেন, তাঁরা বাজারের মধ্যে এমনকি ছোট ছোট দোকানের ভেতরেই পশু জবাই করেন। এ বাজারের একটি দোকানে দেখা গেল স্যান্ডেল পরা পা দিয়ে চামড়া ছাড়াচ্ছেন একজন।কাপ্তানবাজারের এক ব্যবসায়ী বললেন, জবাইখানায় কাজ করার অনেক ঝামেলা। শুধু জায়গাটি পাওয়া যায়, আর জবাই থেকে শুরু করে সব কাজই নিজেদের করতে হয়। মাংস ব্যবসায়ী আজগর বললেন, জবাইয়ের ফি বাড়াও নিরুৎসাহের একটি কারণ। যেমন হওয়া উচিত: আধুনিক জবাইখানায় পশুকে তিন দিন রেখে পরে জবাই করার নিয়ম। জবাইয়ের আগে পশুকে পরীক্ষা করা, জবাই করার পর মাংস একটি ঠান্ডা ঘরে সাত-আট ঘণ্টা রেখে দেওয়া, মাংস আবার পরীক্ষার পর উন্নত ভ্যানে করে বাজারে নেওয়াসহ বিভিন্ন নিয়মকানুন মেনে চলার নিয়ম। কর্তৃপক্ষ যা বলেন: ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শওকত আলী প্রথম আলোকে বলেন, ঢাকা শহরে যে পরিমাণ পশু জবাই হচ্ছে তা দেখভালের জন্য ডিসিসির পর্যাপ্ত জনবল ও আনুষঙ্গিক জিনিসপত্র নেই। যত্রতত্র পশু জবাই নিয়ন্ত্রণও সম্ভব হচ্ছে না। তবে গাবতলীতে আধুনিক জবাইখানার নতুন প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরে কোনো পশু ঢুকবে না। সেখানেই দৈনিক পাঁচ হাজার পশু জবাই হবে। ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ এ প্রসঙ্গে বলেন, ‘এগুলো লিজ দেওয়া আছে। তারাই এটা পরিচালনা করে। ডিসিসির পরিদর্শকেরা সেগুলো পরিদর্শন করেন।’ আইন যুগোপযোগী করা হচ্ছে: পশু জবাই নিয়ন্ত্রণ ও মানসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে ১৯৫৭ সালের একটি আইন ও ১৯৮৩ সালের একটি অধ্যাদেশ থাকলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন নেই। তবে বর্তমানে আইনটিকে সংশোধন করে যুগোপযোগী করার কাজ চলছে।