ডিসিসির দোকান বরাদ্দ নীতিমালার সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) দোকান বরাদ্দ নীতিমালার সমালোচনা করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভায় এই সমালোচনা করা হয়। সভা শেষে কমিটির সভাপতি রহমত আলী প্রথম আলোকে বলেন, ‘ঢাকার মেয়র সাদেক হোসেন বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দের ক্ষেত্রে ২৫ শতাংশ কোটা নিজের হাতে রেখেছেন। এর মাধ্যমে ঢাকা সিটি করপোরেশনে দুর্নীতির বিস্তার ঘটেছে। এমনটা দেশের অন্য কোনো সিটি করপোরেশনে নেই। আমার কাছে প্রমাণ আছে, সিটি করপোরেশন দোকান বরাদ্দ দিয়ে ৪০ লাখ টাকা নিয়েছে। অথচ রসিদ দিয়েছে ২৫ লাখ টাকার। বিষয়গুলো আমাদের কমিটির আগামী বৈঠকে আলোচনা হবে।’সূত্র জানায়, গতকালের সভায় কমিটি মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভার নির্বাচন আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। সভায় গাজীপুর ও নারায়ণগঞ্জকে সিটি করপোরেশনে পরিণত করার সরকারি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করার সুপারিশও করা হয়। ঢাকা শহরের জলাবদ্ধতা দূর করতে দখল হয়ে যাওয়া খাল উদ্ধারসহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ঢাকার জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়। সভায় রাজধানীর ড্রেন পরিষ্কার রাখার জন্য ঢাকা সিটি করপোরেশনকে ওয়াসার সঙ্গে সমন্বয় করে কাজ করার সুপারিশ এবং ঢাকার মতো অন্যান্য সিটি করপোরেশনেও ডিটেইল এরিয়া প্ল্যান করার উদ্যোগ নিতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়।সভায় কমিটির সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ নূর-ই-আলম চৌধুরী, আবুল খায়ের ভুঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী ও আশরাফুন নেছা মোশারফ অংশ নেন। অন্যদের মধ্যে ঢাকা ওয়াসার কর্মকর্তা, ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক সভায় উপস্থিত ছিলেন।