ডিসিসির ভোটার বেড়েছে দুই লাখ ৩০ হাজার ৬৮১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় গত দুই বছরে ভোটার বেড়েছে দুই লাখ ৩০ হাজার ৬৮১ জন। দুই বছর আগে, ২০০৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত তালিকায় ডিসিসির মোট ভোটার ছিল ৩৫ লাখ ২৫ হাজার ৩৯৩ জন। এই তালিকা হালনাগাদ করার পর এখন ভোটারসংখ্যা হয়েছে ৩৭ লাখ ৫৬ হাজার ৭৪ জন। গতকাল বুধবার ঢাকা জেলা নির্বাচন কার্যালয় থেকে ডিসিসির এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কর্মকর্তারা জানান, এর আগের তালিকায় ২০০৮ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর বা তার বেশি ছিল তাঁদের ভোটার করা হয়। তারপর এবারই প্রথম ডিসিসির ভোটার তালিকা হালনাগাদ করা হলো। নির্বাচন কমিশন থেকে গতকাল জানানো হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ করার ফলে এবার সারা দেশে প্রায় ৪০ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে। এই নতুন সংখ্যাসহ বর্তমানে সারা দেশে ভোটারসংখ্যা প্রায় সাড়ে আট কোটি। আগের তালিকায় ভোটারসংখ্যা ছিল আট কোটি ১০ লাখ ৫৮ হাজার। কমিশন জানায়, আগের তালিকার তুলনায় নতুন তালিকায় ভোটারসংখ্যা বৃদ্ধির হার প্রায় আড়াই শতাংশ। কমিশনের একজন উপসচিব প্রথম আলোকে বলেন, ঢাকায় ভোটারসংখ্যা বৃদ্ধির হার বেশি। তবে এটা অস্বাভাবিক নয়। কেননা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে রাজধানীতে প্রতিবছর অনেক মানুষ বসতি গাড়ছে। তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন এলাকার কিছু মানুষ হয়তো এখনো ভোটার হতে পারেননি। তবে তাঁদেরকেও ভোটার করা হবে। ঢাকার উপবিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ের একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, হালনাগাদ করা তালিকায় যাঁরা বাদ পড়েছেন, তাঁরা চাইলে এখনো ভোটার হতে পারবেন। তবে এ জন্য তাঁদেরকে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল সাংবাদিকদের বলেন, ঢাকা সিটি করপোরেশন এলাকার হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। ফলে এখানে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই। তিনি বলেন, কমিশন সিদ্ধান্ত নিয়ে খুব শিগগিরই ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করবে। নির্বাচন কর্মকর্তারা জানান, চূড়ান্ত তালিকা ঢাকা জেলা ও ডিসিসির সংশ্লিষ্ট থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহূত প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে টাঙিয়ে দেওয়া হবে। কয়েকজন কর্মকর্তা জানান, চূড়ান্ত তালিকা টাঙানোর আগে গত ৩ জানুয়ারি খসড়া ভোটার তালিকা রাজধানীর বিভিন্ন স্থানে জনসাধারণের জন্য রাখা হয়। এই তালিকা সম্পর্কে কারও কোনো আপত্তি, দাবি বা সংশোধন আছে কি না, তা জানার জন্য এটা করা হয়। ইতিমধ্যে তালিকা সম্পর্কে ভোটারদের নানা দাবি, আপত্তি ও সংশোধনী গ্রহণ করে তালিকা চূড়ান্ত করা হয়েছে।