রাজধানীর খিলক্ষেত এলাকায় ডুমনি খালের ভরাট অংশ থেকে ১৪ এপ্রিলের মধ্যে বালু সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত বৃহস্পতিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) এ বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী রাজউকের ঢাকা-পূর্বাচল সংযোগ সড়ক প্রকল্প পরিচালককে এ নোটিশ দেন। নোটিশে উল্লেখ করা হয়, এ সময়সীমার মধ্যে রাজউক খালের পানিপ্রবাহ স্বাভাবিক করে না দিলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী খালের প্রতিবন্ধকতা অপসারণ ও ক্ষতিপূরণ দণ্ড আরোপ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।গত ২৯ মার্চ প্রথম আলোয় ডুমনি খাল ভরাট নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের একটি দল গত ১৫ মার্চ সরেজমিন ডুমনি খাল ভরাটের বিষয়ে নিশ্চিত হয়। দলটি প্রমাণ পায়, ঢাকা-পূর্বাচল সংযোগ সড়ক প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ করতে গিয়ে রাজউক খালের প্রায় আড়াই হাজার বর্গমিটার অংশ বালু দিয়ে ভরাট করে পানিপ্রবাহ বন্ধ করেছে। পরিবেশ অধিদপ্তর এর ব্যাখ্যা চাইলে ১৬ মার্চ রাজউকের একজন নির্বাহী প্রকৌশলী পরিবেশ অধিদপ্তরে উপস্থিত হয়ে জানান, পানিপ্রবাহ চালু রাখতে সাময়িকভাবে ছয় ফুট ব্যাসের একটি অস্থায়ী পাইপলাইন বসানো হয়েছে। ভবিষ্যতে ওই জায়গায় সেতু বা কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে রাজউকের।