ডুমনি খাল ভরাট ও খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধের দাবি
খিলক্ষেত ডুমনি খাল ভরাট ও খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধ করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।অন্যদিকে জলাধার ভরাটের কারণে রাজধানীর উষ্ণতা ক্রমেই বাড়ছে বলে উল্লেখ করে সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন বলেছে, এই জলাধার রক্ষায় ব্যর্থতার দায় সরকারের। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে এ কথা বলা হয়। খাল ভরাট বন্ধ করার দাবি: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পবা আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকার খিলক্ষেত থানার ডুমনি খালটি ভরাট করছে ভূমিদস্যুরা। অথচ এই খাল ঘিরে জীবন-জীবিকা নির্বাহ করতে হয় ওই এলাকার কয়েক হাজার খেটে খাওয়া মানুষের। এ ছাড়া খালটি ঢাকার জলাবদ্ধতা কমানো, পানির প্রবাহ ও ঢাকাকে বন্যামুক্ত রাখতে ভূমিকা রাখছিল। এলাকার শিশুদের একমাত্র খেলার মাঠটিও ধ্বংস হয়ে যাচ্ছে একটি আবাসন কোম্পানির বহুতল ভবন নির্মাণের কারণে।মানববন্ধনে বক্তব্য দেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, সম্পাদক আসলাম খান, সমন্বয়ক আতিক মোর্শেদসহ আরও অনেকে।সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলনের আহ্বায়ক ইবনুল সাঈদ রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিবেশবাদী সৈয়দ মাহবুবুল আলম, পিসের মহাসচিব ইফমা হোসাইন, আয়োজক সংগঠনের সদস্যসচিব মশিউর রহমান প্রমুখ।