ডেঙ্গু জ্বরে আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক নারী। এ নিয়ে ঢামেক হাসপাতালে চলতি মাসে ডেঙ্গু জ্বরে মৃত মানুষের সংখ্যা দাঁড়াল আটে।

মারা যাওয়া রোগীর নাম ফারজানা হোসেন (৪৩)। মৃত্যুসনদে তাঁর ঠিকানা নারায়ণগঞ্জ উল্লেখ করা হয়েছে, প্রযত্নে রয়েছে ডাক্তার নুরুল আমিনের নাম। গতকাল ঢামেক হাসপাতালে ভর্তি হন তিনি। ওই দিন দিবাগত রাত পৌনে দুইটায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্বজনেরা হাসপাতাল থেকে ফারজানার লাশ নিয়ে গেছেন।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফারজানা হোসেন মারা গেছেন। এ নিয়ে মৃত মানুষের সংখ্যা দাঁড়াল আটে। গতকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৯৩ জন ভর্তি রয়েছেন।