ডেঙ্গু প্রতিরোধে এবার বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা বা প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করতে পক্ষকালব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করা হয়েছে। সোমবার দুপুরে ইস্কাটন গার্ডেন এলাকায় এই ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, গত বছর চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ছিল, এবার নেই। তবে গত দুই-তিন বছরের তুলনায় এবার ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়েছে। সেটা আতঙ্ক বা উদ্বেগজনক নয়। ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে ডিএসসিসি। তিনি বলেন, ‘আজ থেকে আমাদের ৫৭টি ওয়ার্ডে একযোগে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। ডিএসসিসির প্রতিনিধিরা প্রতিটি বাড়িতে গিয়ে কোথাও এডিস মশার লার্ভা পেলে তা ধ্বংস করবেন। পাশাপাশি নাগরিকদের সচেতন করবেন।’

ডিএসসিসির মেয়র বলেন, ‘এডিস মশা ডেঙ্গু বা চিকুনগুনিয়ার জন্য দায়ী। বাসাবাড়ির পরিত্যক্ত টায়ার, ফুলের টব, এসির আউটারে জমে থাকা পানি পরিষ্কার করুন। কোনো জায়গায় পাঁচ দিনের বেশি পানি জমতে দেবেন না। কেননা পাঁচ দিনের বেশি পানি জমে থাকলে এডিস মশার বংশ বিস্তারের আশঙ্কা থাকে।’

মেয়রের বক্তব্য শেষে নির্মাণাধীন নৌবাহিনীর তথ্যকেন্দ্র ভবনে ফগার মেশিন দিয়ে স্প্রে করে বিশেষ এই প্রোগ্রামের উদ্বোধন করা হয়। পরে পথচারী ও দোকানিদের হাতে লিফলেট বিতরণ করেন মেয়র।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দীন, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।