ডেঙ্গুতে ঢামেকে আরও এক নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই নারীর নাম হেনা বেগম (৪৫)। তিনি রাজধানীর শ্যামপুর পালপাড়া এলাকার বাসিন্দা। হেনা এক ছেলে ও এক মেয়ের মা।


হেনার ভাই সুমন বলেন, বেশ কয়েক দিন ধরে হেনা জ্বরে ভুগছিলেন। স্থানীয় হাসপাতালে পরীক্ষা করলে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। পরে মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতের স্বজনেরা রাতেই লাশ নিয়ে গেছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর এ পর্যন্ত সম্ভাব্য ডেঙ্গুতে ১৬৯টি মৃত্যুর ঘটনা জেনেছে। এর মধ্যে ৮০টি মৃত্যু পর্যালোচনা করেছে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি। কমিটি ৪৭টি মৃত্যুর কারণ ডেঙ্গু বলে নিশ্চিত করেছে।

এ বছর ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর থেকে প্রথম আলো ডেঙ্গুতে মৃত্যুর তথ্য সংকলন করে আসছে। প্রথম আলোর প্রতিনিধিরা সরকারি ও বেসরকারি হাসপাতালের সূত্র, আইইডিসিআরের সূত্র, সিভিল সার্জন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যুর তথ্য সংগ্রহ করছেন। হাসপাতালের দায়িত্বশীল ব্যক্তি, সিভিল সার্জন ও মৃত ব্যক্তির নিকটাত্মীয় ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করলে প্রথম আলো তা আমলে নিয়েছে। ২৪ আগস্ট পর্যন্ত এভাবে ১৭২ জনের মৃত্যুর তথ্য প্রথম আলো পেয়েছে।