ডেমরা-ঢাকা পথে কর্মজীবী নারীদের জন্য বাস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর গতকাল মঙ্গলবার সকালে কর্মজীবী নারীদের জন্য ঢাকা-ডেমরা রুটে বিআরটিসির চারটি বাস সার্ভিস চালু করা হয়েছে। সকাল আটটায় ডেমরার রানীমহল সিনেমা হলের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিআরটিসি নারায়ণগঞ্জ ডিপো ব্যবস্থাপক মনিরুজ্জামান বাবু।মনিরুজ্জামান বাবু জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে কর্মজীবী নারীদের জন্য এই বাস সার্ভিস চালু করা হয়েছে। বাসগুলো প্রতিদিন সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত ডেমরার রানীমহল সিনেমা হল থেকে যাত্রাবাড়ী, মতিঝিল ও গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। ডেমরা থেকে যাত্রাবাড়ী পাঁচ টাকা এবং মতিঝিল ও গুলিস্তান পর্যন্ত ১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই বাসে কোনো পুরুষ যাত্রী উঠতে পারবে না।সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া মুঠোফোন নম্বরে গত সোমবার ফোন করে কয়েকজন কর্মজীবী নারী জানান, এই অঞ্চলে কর্মজীবী নারীর সংখ্যা অনেক বেশি। অথচ নারীদের যাতায়াতের জন্য কোনো বাস নেই। তাঁদের অনেক কষ্ট করে যাতায়াত করতে হয়। তাঁরা ঢাকা-ডেমরা রুটে কর্মজীবী নারীদের জন্য আলাদা বিআরটিসি বাস চালু করার অনুরোধ জানান। ওই দিনই প্রধানমন্ত্রী বিআরটিসির চেয়ারম্যানকে গণভবনে ডেকে নিয়ে ঢাকা-ডেমরা রুটে কর্মজীবী নারীদের জন্য বিআরটিসির বাস সার্ভিস চালু করার নির্দেশ দেন।