ডেমরায় নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী মিজানুর রহমানের (৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ডেমরার মাতুয়াইল নিউ টাউন আবাসিক এলাকার স্বপ্ন নূর টাওয়ার নামের নির্মাণাধীন ১০ তলা ভবনের পাশে মিজানুরকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমানের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামে। তাঁর বাবার নাম শাহাবুদ্দিন।

স্বপ্ন নূর টাওয়ারের ম্যানেজার মনজুর প্রথম আলোকে বলেন, ভবনটিতে নির্মাণশ্রমিকেরা কাজ করছিলেন। মিজানুর ছিলেন ভবনের নিচে। ধারণা করছি, ওপর থেকে কাঠ বা অন্য কিছু মিজানুরের মাথায় পড়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

তবে প্রকৃত ঘটনা কী, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এই ভবনে একটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা আছে। সেটি এখনো পরীক্ষা করা হয়নি। পুলিশকে সঙ্গে নিয়ে সেটি পরীক্ষা করে দেখা হবে।

মিজানুরের শ্যালক মইনুল ইসলামের দাবি এটি হত্যাকাণ্ড। তাঁর দাবি, মিজানুরের মাথায় ওপরে কাটা জখম রয়েছে, যা দেখে বোঝা যায়, ধারালো কিছু দিয়ে তাঁর মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি টিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, এটি দুর্ঘটনা, নাকি হত্যা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।