ডেমরায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমরার ডগাইরে গত শনিবার গভীর রাতে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। পুলিশ বলেছে, ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে ওই যুবক গণপিটুনির শিকার হয়।ডেমরা থানা সূত্র জানায়, শনিবার দিবাগত রাত তিনটার দিকে একদল ডাকাত ডগাইরের নূরবাগের একটি বাড়িতে গ্রিল কেটে ঢোকার চেষ্টা করে। গ্রিল কাটার শব্দে গৃহবধূ স্বপ্না বেগম ও তাঁর পরিবারের সদস্যরা জেগে যান। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ও নিরাপত্তাকর্মীরা ডাকাত দলটিকে ঘিরে ফেলেন। তাঁরা ওই অজ্ঞাতনামা যুবককে ধরে ফেললেও অন্যরা পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা তাকে পিটুনি দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এলাকাবাসী জানান, ডাকাতদের ভয়ে স্থানীয় লোকজন রাত জেগে কাটাচ্ছে। গত ৪ সেপ্টেম্বর মধ্যরাতে ডাকাতেরা পাঁচ নিরাপত্তাকর্মীকে কুপিয়ে আহত করে। তাঁদের একজন হাসপাতালে মারা যান। এ অবস্থায় অনেকেই ভয় ও আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন। এ বিষয়ে স্থানীয় সাংসদ ও ডেমরা থানাকে জানিয়েও তাঁরা কোনো প্রতিকার পাচ্ছেন না। রমজান মাসের শুরু থেকে এ পর্যন্ত সাতটি ডাকাতির চেষ্টা এলাকাবাসীর প্রতিরোধের মুখে ব্যর্থ হয়ে যায়। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান জানান, ডাকাত প্রতিরোধে এলাকাবাসীর সঙ্গে থানার দুই প্লাটুন পুলিশ রাত জেগে পাহারা দিচ্ছে। ডাকাত নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।