ডেমরায় গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ, হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরা থানার পাড়াডগাইর এলাকার একটি বাসা থেকে গতকাল বুধবার গৃহবধূ আইরিন আক্তারের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আইরিনের পরিবারের অভিযোগ, যৌতুকলোভী স্বামী আবুল খায়েরের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।পুলিশ জানায়, গতকাল সকাল পৌনে ১০টার দিকে পুলিশ পাড়াডগাইরের বারেক মজুমদারের বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে আইরিনের লাশ উদ্ধার করে। লাশটি সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। তবে ঘরের দরজা খোলা ছিল। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।আইরিনের মা ইয়াসমিন বেগম জানান, পাঁচ-ছয় বছর আগে খায়েরের সঙ্গে আইরিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে খায়ের যৌতুক দাবি করছিলেন। সম্প্রতি তিনি দোকান করার কথা বলে দুই লাখ টাকা এনে দেওয়ার জন্য আইরিনকে চাপ দেন। আইরিন এতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে কলহ লেগেই ছিল। তিনি অভিযোগ করেন, আইরিনের মৃত্যুর খবর খায়ের তাঁদের জানাননি। আইরিনের এক প্রতিবেশীর কাছ থেকে তিনি মেয়ের মৃত্যুর খবর জানতে পারেন। সেখানে গিয়ে দেখেন, লাশ বারান্দায় পড়ে আছে। আইরিনের মুখে আঘাতের চিহ্ন ছিল।নিহত আইরিনের মামা রফিকুল ইসলাম অভিযোগ করেন, যৌতুক না পেয়ে তাঁর ভাগ্নিকে হত্যা করা হয়েছে। আইরিনকে হত্যার পর খায়ের নিজেই থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। তিনি বলেন, পুলিশ তাঁদের কোনো সহযোগিতা না করে উল্টো খায়েরদের পক্ষকে সহায়তা করছে। ময়নাতদন্ত শেষে লাশ আইরিনের দেবরেরা নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের দেওয়া হয়নি।ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহেদ আলী বলেন, ‘স্বামীর সঙ্গে কলহের জের ধরে আইরিন গলায় ফাঁস দিয়েছেন, এটি নিশ্চিত। লাশের আলামত দেখে এটা বোঝা গেছে।’ আইরিনের পরিবারকে অসহযোগিতার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘লাশ উদ্ধারের পর খবর দিলে আড়াই ঘণ্টা পর আইরিনের স্বজনেরা এসেছে।’জানা গেছে, আইরিনের বাবার নাম আবদুর রহমান। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার মুসলিমনগরে। আইরিনের খুশবু নামে সাড়ে তিন বছর বয়সী এক মেয়ে রয়েছে।