ডেমরায় ছুরিকাঘাতে আহত শ্রমিকের মৃত্যু
নিকটাত্মীয়ের ছুরিকাঘাতে আহত কারখানার শ্রমিক লিটন মিয়া (২৮) গতকাল শনিবার সকালে মারা গেছেন। লিটন মিয়া ডেমরার আহমেদ লতিফ বাওয়ানি জুট মিলের শ্রমিক সর্দার।নিহত লিটনের পারিবারিক সূত্র জানায়, লিটন সপরিবারে ডেমরার কামারভোগে থাকতেন। ২২ অক্টোবর লিটনকে তাঁর ভাইয়ের শ্যালক সজল ও তাঁর সহযোগী মুন্না কারখানা থেকে ডেকে কামারভোগ কবরস্থানের মাঠে নিয়ে যায়। তাদের সঙ্গে কথা বলার পর লিটন কারখানায় ফিরছিলেন। একপর্যায়ে পেছন থেকে তারা লিটনের গলায় গামছা দিয়ে ফাঁস লাগায়। এরপর তারা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। ডেমরা থানা সূত্র জানায়, এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। লিটনের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জের দড়িচরে। ছুরিকাঘাতে আহত: গতকাল সকালে যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হাফিজুর রহমান নামের এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। ছিনতাইকারীরা হাফিজুরের ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে স্থানীয় লোকজন হাফিজুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়নি।