ডেমরায় ছোট ভাইয়ের হাতে খুন হলেন এক ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরায় গতকাল বুধবার ছোট ভাইয়ের বঁটির কোপে খুন হয়েছেন কামরুজ্জামান (৩৮) নামে এক ব্যক্তি। পারডগাইর পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা কামরুজ্জামান জমি কেনাবেচার ব্যবসা করতেন।কামরুজ্জামানের বাবা কৃষিব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা নুরুজ্জামান জানান, কামরুজ্জামান গতকাল দুপুরের খাবার খেয়ে টেবিল থেকে ওঠার সময় ছোট ভাই বঁটি নিয়ে তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে বদিউজ্জামান বড় ভাইয়ের বুকে কোপ দেন। স্বজনেরা রক্তাক্ত অবস্থায় কামরুজ্জামানকে বিকেল সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।বাবা নুরুজ্জামান হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘৩৭ বছর বয়সী বদিউজ্জামান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যে হঠাৎ করেই সে উন্মাদের মতো আচরণ করে। দুই দিন আগেও তাকে মনোরোগ বিশেষজ্ঞ দেখানো হয়।’ নিহত কামরুজ্জামান দুই সন্তানের জনক। বিকেলে যোগাযোগ করা হলে ডেমরা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা বঁটিসহ বদিউজ্জামানকে আটক করে থানায় নিয়ে এসেছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।