ডেমরায় ড্যাপভুক্ত জলাশয়ে আবাসন প্রকল্প বাতিলের দাবি
ডেমরায় বিশদ এলাকা পরিকল্পনাভুক্ত (ড্যাপ) ছোট দীঘি জলাশয়, খেলার মাঠ ও কবরস্থানে আবাসন প্রকল্প বাতিলসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও স্থানীয় এলাকাবাসী। গতকাল শনিবার বেলা তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ডেমরার পাশ ঘেঁষে বয়ে চলা বালু নদী দূষণ আর দখলে এখন মৃতপ্রায়। তাই কাসারগোপ ও নড়াইবাগ এলাকাবাসীর জন্য পানির একমাত্র বিকল্প টেক্সটাইল ছোট দীঘি জলাশয়। জলাশয়ের এক পাশে খেলার মাঠ ও অন্য পাশে কবরস্থান। কিন্তু ‘বস্ত্র মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ এই জলাশয় ভরাট করে বাড়িঘর নির্মাণের পরিকল্পনা করছে। ইতিমধ্যে ড্রেজার দিয়ে ভরাটের চেষ্টাও করা হচ্ছে। বক্তারা বলেন, জলাশয়টি আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলসের পতিত জমি। বিগত জোট সরকার ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে বস্ত্র মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতির নামে শিল্প প্লট হিসেবে অনৈতিকভাবে তা বিক্রি করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ ও ডেমরা এলাকাবাসীর পক্ষে মো. সিরাজুল হক। লিখিত বক্তব্য পাঠ করেন বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাপার যুগ্ম সম্পাদক জাকির হোসেন, এলাকাবাসীর পক্ষে আবদুল কাইয়ুম, আক্তার হোসেন, আব্দুর রহিম, ইউসুফ মিয়া, আবু তাহের প্রমুখ।