ডেমরায় নির্মাণাধীন বাড়ির পানির ট্যাংক থেকে লাশ উদ্ধার
রাজধানীর ডেমরা এলাকার একটি নির্মাণাধীন বাড়ির ভূগর্ভস্থ পানির ট্যাংক থেকে কাজল মিয়া (১৮) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কাজলের পরিবার অভিযোগ করেছে, কাজলকে হত্যা করে লাশ সেখানে ফেলে দেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডেমরার পূর্ব বক্সনগরের ওই বাড়ির সিঁড়ির নিচের পানির ট্যাংকের ভেতর থেকে কাজলের লাশ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।ডেমরা থানার উপপরিদর্শক কামরুজ্জামান প্রথম আলোকে জানান, কাজল সিদ্ধিরগঞ্জ এলাকার একটি কনডেন্সড মিল্ক তৈরির কারখানায় শ্রমিকের কাজ করতেন। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তাঁরা এখনো জানতে পারেননি। তবে কাজলের পরিবারের সদস্যরা তাঁকে জানিয়েছেন, দুই দিন আগে পাশের বাড়ির একজন ভাড়াটিয়ার সঙ্গে কাজলের ঝগড়া হয়েছিল। এ ছাড়া আর কারও সঙ্গে তাঁর বিরোধ ছিল না।কামরুজ্জামান জানান, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় আসেন। তাঁরা কাজলের মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে মামলা করার প্রক্রিয়া চলছে।কাজলের বাবার নাম খোকন মিয়া। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার শাহপুর গ্রামে। তিনি মায়ের সঙ্গে ডেমরার দক্ষিণ টেংরা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। কাজলের মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।