ডেমরায় বালু নদে স্থাপনা উচ্ছেদে বাধা

ডেমরায় বালু নদে অবৈধ ডকইয়ার্ড উচ্ছেদ করতে গিয়ে মালিকপক্ষের লোকদের ছোড়া ইটের আঘাতে একজন কর্মকর্তাসহ বিআইডব্লিউটিএর ১০ জন শ্রমিক আহত হয়েছেন। পুলিশ না থাকায় পর্যাপ্ত নিরাপত্তার অভাবে অভিযান মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। সুলতানা কামাল সেতু থেকে ডেমরা বাজারের দিকে প্রায় এক কিলোমিটার অংশে এই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়।
গতকাল রোববার বেলা দেড়টার দিকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। অভিযানে বাধা দেওয়ার দায়ে উপস্থিত দুজন ম্যাজিস্ট্রেট দোষী ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
সকাল ১০টার দিকে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ডেমরায় বালু নদে অভিযান শুরু করে। অভিযানে ১০ জন আনসার সদস্য অংশ নেন। এ ছাড়া অবৈধ স্থাপনা ভাঙার কাজে অংশ নেন বিআইডব্লিউটিএর নিয়োজিত ৫০ জন শ্রমিক। বিআইডব্লিউটিএর উচ্ছেদ যান হিসেবে একটি এক্সকাভেটরও ছিল। অভিযানের শুরুতেই দুটি বালুর গদি উচ্ছেদ করা হয়। পরে নদীর জায়গায় নির্মিত একটি দোতলা ও একটি একতলা বাড়ির অংশ, সীমানা দেয়াল, টংঘরসহ ১৫টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
বেলা দেড়টার দিকে অভিযানকারী দল ডেমরা বাজারের কাছে একটি অবৈধ ডকইয়ার্ড উচ্ছেদ করতে যায়। সেখানে মালিকপক্ষের হয়ে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি নিজেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা বলে পরিচয় দিয়ে উচ্ছেদে বাধা দেওয়ার চেষ্টা করেন। এরপরও উচ্ছেদ কার্যক্রম চলতে থাকলে সিরাজুল ইসলাম ও তাঁর অন্তত ১৫ জন সঙ্গী উচ্ছেদে অংশ নেওয়া বিআইডব্লিউটিএর শ্রমিকদের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে বিআইডব্লিউটিএর ঢাকা বন্দর কর্মকর্তা মো. শহিদুল্লাহসহ ১০ জন শ্রমিক আহত হন।
একপর্যায়ে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সালেহীনের নির্দেশে সিরাজুল ইসলামকে আটক করা হয়। তাঁকে বেশ কিছু সময় বিআইডব্লিউটিএর জাহাজ অগ্রদূতের ভেতরে আটকে রাখা হয়। পরে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সিরাজুল ইসলাম ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত থাকবেন না বলে লিখিত অঙ্গীকারপত্র দেন।
বিআইডব্লিউটিএর পক্ষ থেকে অভিযোগ করা হয়, উচ্ছেদ অভিযানে হট্টগোলের আশঙ্কায় এক সপ্তাহ আগেই ডেমরা থানার কাছে প্রয়োজনীয় পুলিশ চাওয়া হয়েছিল। থানা থেকেও সম্মতি জানানো হয়েছিল, কিন্তু গতকাল পুলিশ পাওয়া যায়নি। অভিযানে আহত বিআইডব্লিউটিএর ঢাকা বন্দর কর্মকর্তা মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, গতকাল উচ্ছেদের তালিকায় ৩০টির মতো অবৈধ স্থাপনা ছিল। কিন্তু নিরাপত্তার অভাবে অভিযান অব্যাহত রাখা সম্ভব হয়নি।