ডেমরায় ভবন থেকে ‘লাফিয়ে’ তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার মধ্যসানারপাড়ের একটি পাঁচতলা ভবন থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. রায়হান হোসেন। বয়স আনুমানিক ১৮ বছর।

রায়হানকে উদ্ধার করে আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে নয়টায় তাঁর মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রায়হানকে হাসপাতালে নিয়ে আসেন মো. সামি নামের এক ব্যক্তি।

সামির বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, গতকাল রাত সাড়ে তিনটার দিকে মধ্যসানারপাড়ের একটি বাসায় রায়হানকে দেখে চোর বলে সন্দেহ করেন স্থানীয় লোকজন। তাঁরা ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন। এ সময় রায়হান পাঁচতলা ভবন থেকে লাফ দেন। নিচে পড়ে গিয়ে তিনি গুরুতরভাবে আহত হন। পরে পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশের ময়নাতদন্ত হবে। এ জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।