ডেসটিনি গ্রুপে প্রশাসক নিয়োগ প্রক্রিয়াধীন
বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ডেসটিনি গ্রুপে প্রশাসক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার জাতীয় সংসদে সাংসদ সাধনা হালদারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।এর আগে বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডেসটিনির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী, ডেসটিনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। সাংসদ সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, পাইকারি ও খুচরা বাজারে দ্রব্যমূল্যের যে তারতম্য, তার জন্য সরবরাহ লাইনে নানা ধরনের প্রতিবন্ধকতা, মজুতদারি, একচেটিয়া কারবার ও ব্যবসায়ীদের অত্যধিক মুনাফার লোভই দায়ী।হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, গত মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১৫৭ কোটি টাকা মূল্যের রপ্তানির আদেশ পাওয়া গেছে। গত বছর এর পরিমাণ ছিল ৪৩ কোটি ১৮ লাখ টাকা। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।সাধনা হালদারের আরেকটি প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থবছরে সরকার তিন লাখ মেট্রিক টন আমন চাল কেনার জন্য অভিযান শুরু করেছে। প্রতি কেজি ২৬ টাকা করে আড়াই লাখ মেট্রিক টন সিদ্ধ এবং ২৫ টাকা ৫০ পয়সা কেজি করে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনা হবে। এরই মধ্যে এক লাখ ৩৭ হাজার ২১৭ মেট্রিক টন চাল কেনা হয়েছে, যার মধ্যে আতপ চাল হচ্ছে ১৭ হাজার ৪০৫ মেট্রিক টন। অবশিষ্ট চাল সিদ্ধ।