রাজধানীর বিশদ উন্নয়ন পরিকল্পনা (ড্যাপ) ও কৌশলগত পরিবহন পরিকল্পনার (এসটিপি) আলোকে পাঁচ বছরের মধ্যে উড়াল সেতু, সড়ক নির্মাণসহ যোগাযোগ এবং ৫২ হাজার ফ্ল্যাটের তিনটি আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ ছাড়া ভোগান্তি কমাতে প্রতিষ্ঠানটির জনবল দ্বিগুণেরও বেশি করে আরও চারটি আঞ্চলিক কার্যালয় করা হবে।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা গতকাল রোববার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান। তিনি বলেন, বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে প্রকল্পগুলো নেওয়া হয়েছে। রাজউকের অর্থায়নে ফ্ল্যাট এবং সরকারি অর্থায়নে যোগযোগ প্রকল্প বাস্তবায়ন করা হবে।চারটি আঞ্চলিক কার্যালয়: নকশা অনুমোদনসহ বিভিন্ন কাজে জনদুর্ভোগ ও দুর্নীতি কমাতে নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুরে আঞ্চলিক কার্যালয় করা হবে। এ জন্য বর্তমান জনবল এক হাজার ৮৫ জন থেকে বাড়িয়ে দুই হাজার ৭৪২ জনে করার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে।যোগাযোগ প্রকল্প: রাজউক চেয়ারম্যান বলেন, পদ্মা সেতু নির্মিত হলে রাজধানীতে যাতায়াতের চাপ বাড়বে। এ জন্য বিজয়নগরের স্কাউট ভবন থেকে গোলাপশাহ মাজার হয়ে বাবুবাজার পর্যন্ত উড়াল সেতু নির্মাণ করা হবে। এর একটি প্রান্ত নেমে যাবে ভিক্টোরিয়া পার্কের কাছে। পাঁচ কিলোমিটার দীর্ঘ ইস্পাতের এই উড়াল সেতু নির্মাণে ইতিমধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে। তবে নির্মাণকাজের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। এ ছাড়া বারিধারায় মাদানী এভিনিউ থেকে বালু নদ পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ উড়াল সেতু নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন করা হয়েছে।ইন্দিরা রোড থেকে ইসলামিয়া চক্ষু হাসপাতাল হয়ে পান্থপথ এবং সোনারগাঁও হোটেল থেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত দুটি সড়ক নির্মাণ করা হবে।ফ্ল্যাট প্রকল্প: রাজউক চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, নিম্ন আয়ের মানুষের জন্য ৫২ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। এর মধ্যে উত্তরায় ১৮ নম্বর সেক্টরে সাড়ে ২২ হাজার ফ্ল্যাট প্রকল্পের ভিত্তিপ্রস্তর ইতিপূর্বে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন।