ড্যাপ দ্রুত বাস্তবায়নের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে এর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
গতকাল রোববার সচিবালয়ে ড্যাপ পর্যালোচনার জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির দশম সভায় মন্ত্রী এই আশ্বাস দেন। একই সঙ্গে ভূমির শ্রেণি পরিবর্তন-সংক্রান্ত আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন তিনি।
ড্যাপ বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরের নাগরিক সুবিধা বাড়ানোর জন্য এটিকে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভাগ করা হয়েছে। এর জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শহরও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। রাজউক কর্তৃক প্রণীত ড্যাপ বাস্তবায়িত হলে এই মহানগর অন্যতম বসবাসযোগ্য নগরে পরিণত হবে।
এ ছাড়া ড্যাপ বাস্তবায়নের ক্ষেত্রে জলাধার সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে ৮০ শতাংশ পানি ভূগর্ভস্থ উৎস থেকে আর ২০ শতাংশ পানি ভূ-উপরিস্থ উৎস থেকে সরবরাহ করা হয়। এ কারণে পানির স্তর ক্রমশ নিচে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পুরো দেশ একসময় মরুভূমি হয়ে যাবে। এসব বিবেচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ৮০ শতাংশ পানি ভূ-উপরিস্থ উৎস থেকে সরবরাহ করা হবে।’
খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও সিনিয়র সচিব জাফর আহমেদ খান, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমেদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় প্রমুখ। বিজ্ঞপ্তি।