ঢাকা মহানগরের ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) বিষয়ে ভূমি ব্যবসায়ীদের অভিযোগকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সরকারের অবস্থানকে সমর্থন জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ ক্ষেত্রে সরকারকে সমর্থন দিতে নগরবাসীর প্রতি ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।গতকাল শনিবার জোটের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ঢাকাকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে যুগোপযোগী মাস্টার প্ল্যান তৈরি করে তা বাস্তবায়নের ত্বরিত পদক্ষেপ গ্রহণ জরুরি। শুধু বাণিজ্যিক মানসিকতা দিয়ে কাজ না করে আবাসন ব্যবসায়ীরাও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, পরিকল্পিত নগর গড়ে তোলায় কার্যকর ভূমিকাও রাখবেন বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।বিবৃতিতে আরও বলা হয়, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকা মহানগর নাগরিক সুযোগ-সুবিধাবঞ্চিত হয়ে বসবাসের প্রায় অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে।