ড্যাবের চিকিৎসককে হত্যাচেষ্টার মামলায় চারজন রিমান্ডে
বিএনপির সহযোগী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) তিনজনকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার একই সংগঠনের চিকিৎসক কামরুল হাসানসহ চারজনকে অস্ত্র মামলায় রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাইফুর রহমান প্রত্যেক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল মিরপুর থানা পুলিশ একটি অস্ত্র মামলায় চিকিৎসক কামরুল হাসান, তৌফিকুল ইসলাম, মহরম আলী ও মোস্তফাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। এর আগে গত ৪ আগস্ট এই চার আসামির রিমান্ড চাওয়া হলেও আদালত তা নামঞ্জুর করেন। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, ৪ সেপ্টেম্বর দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়। তাঁরা এ মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। আসামিরা হত্যাকাণ্ড সংঘটিত করার পরিকল্পনাকারী এবং অবৈধ অস্ত্রধারী। তা ছাড়া তাঁরা চিকিৎসক মোফাখারুল ইসলাম, বাহার ও উজ্জ্বলকে হত্যা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পরিকল্পনা করছিলেন। এই পরিকল্পনার সঙ্গে আর কে কে জড়িত এবং কীভাবে কোথা থেকে অস্ত্র সংগ্রহ করেছেন, আরও অস্ত্র আছে কি না, সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।মিরপুর এলাকা থেকে ৩ সেপ্টেম্বর চিকিৎসক কামরুল হাসানসহ ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি গুলিভর্তি একটি রিভলবার এবং একটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যাচেষ্টার অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।