ড্যাবের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘বিএমএ নির্বাচন, নেতৃত্ব কাদের হাতে যাচ্ছে’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিএনপি-সমর্থক ডাক্তারদের প্যানেল আজিজ-জাহিদ পরিষদ। এই পরিষদ ডক্টরস অ্যাসো- সিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সমর্থিত প্যানেল। পরিষদের কেন্দ্রীয় প্রচার উপকমিটির সদস্যসচিব এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, জাহিদ হোসেনের ব্যক্তিগত জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাঁর (জাহিদ) ও ড্যাব প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মহলটি শিশু হাসপাতালের ২০০৪ সালের লটারির পুরস্কারের ৩০ লাখ টাকা জাহিদ নিজে নিয়েছেন বলে অপপ্রচার চালাচ্ছে। অথচ তিনি বিএমএর মহাসচিব থাকা অবস্থায় লটারির ৩০ লাখ টাকা বিএমএ পায়। এই অর্থ বিএমএর ডক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তহবিলে জমা রাখা হয়। প্রতিবাদপত্রে বলা হয়, ড্যাব প্রার্থীদের ব্যক্তিগত কুৎসাসংবলিত প্রতিবেদন অপপ্রচার মাত্র। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য প্রথম আলোর প্রতি অনুরোধ জানানো হয় প্রতিবাদপত্রে। প্রতিবেদকের বক্তব্য: প্রতিবাদপত্রে প্রথম আলোতে প্রকাশিত সংবাদের কোন তথ্য অসত্য বা ভুল, সে বিষয়ে কোথাও উল্লেখ করা হয়নি। এ অবস্থায় আমরা বলতে পারি, প্রথম আলো কোনো অপপ্রচার চলাচ্ছে না। নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।