ড্রাম থেকে মিলল নারীর কঙ্কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদের একটি বাসায় ড্রামের ভেতর মিলেছে এক নারীর দেহাবশেষ (কঙ্কাল)। গত সোমবার গভীর রাতে পুলিশ দেহাবশেষটি উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ বলছে, অন্তত ১৩ মাস আগে ওই নারীকে হত্যার পর ড্রামে ভরে রাখা হয়।ওই নারীর নাম রীনা বলে জানতে পেরেছে পুলিশ। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান জানান, ফরিদাবাদের হরিচরণ রায় রোডের ৪১/২ নম্বর বাসার একটি কক্ষ গত বছরের জানুয়ারি থেকে বন্ধ ছিল। সোমবার ওই কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে লোকজন বিষয়টি বাড়ির মালিককে জানান। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর ড্রাম খুলে এক নারীর কঙ্কাল পাওয়া যায়। তাঁর পরনে থাকা নীল রঙের সালোয়ার-কামিজ ও ওড়না ড্রামের ভেতর পাওয়া যায়। তাঁর হাতে ছিল শাখা। ওই বাড়ির তত্ত্বাবধায়ক আবুল হোসেন পুলিশকে জানান, টেইলার্সের মাস্টার আকাশ ও পোশাককর্মী রীনা দম্পতি ওই কক্ষে ভাড়া থাকতেন। গত বছরের জানুয়ারিতে হঠাত্ করেই ওই কক্ষটি তালাবদ্ধ পাওয়া যায়। ওই দম্পতির কোনো খবর না পেয়ে কিছুদিন পর বাড়িওয়ালা শ্যামপুর থানায় একটি জিডি করে তালা খুলে দিতে বলেন। তবে পুলিশ এ ব্যাপারে উত্সাহ দেখায়নি। এ কারণে কক্ষটি বন্ধ ছিল।