ড্রিংকস ও জুস নকল করার দায়ে রয়েল অ্যাগ্রোর জেল-জরিমানা
কার্বনেটেড বেভারেজ, টাইগার এনার্জি ড্রিংকস, জুস ও রাঁধুনিসহ স্বনামধন্য প্রতিষ্ঠানের পণ্য হুবহু নকল করে উৎপাদন ও বাজারজাত করার দায়ে রয়েল অ্যাগ্রো অ্যান্ড কনজুমার প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এম এ হাকিমকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা ও বিক্রয় ব্যবস্থাপক আসাদুজ্জামানকে ২০ দিনের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই, র্যাব-৩ ও মহানগর দাঙ্গা পুলিশের সহায়তায় ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন আদালত পরিচালনা করেন। প্রতিষ্ঠানটি শুধু যে নামীদামি কোম্পানির পণ্য নকল করছিল তা নয়, বিভিন্ন জাতীয় দৈনিকে চটকদার বিজ্ঞাপন দিয়ে এসব পণ্যের পরিবেশক নিয়োগের নাম করে লাখ লাখ টাকা আদায় করে আসছে। এদের প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই নিঃস্ব হয়েছেন।ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার রাজধানীর শান্তিনগরের ২৪/১ চামেলীবাগের শান টাওয়ারের সপ্তম ও অষ্টম তলায় নজরুল ইসলামের মালিকানাধীন রয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান রয়েল অ্যাগ্রো অ্যান্ড কনজুমার প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে অভিযান চালান। আদালত ওই প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে কারাদণ্ড ও এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত চামেলীবাগের শান টাওয়ারের সপ্তম ও অষ্টম তলায় অভিযান চালান। সেখানে রয়েছে রয়েল অ্যাগ্রোর জাঁকজমকপূর্ণ কার্যালয়। প্রতিষ্ঠানটির পণ্য সরবরাহ বইয়ে নিউ সেভেন আপ সেকেন্ড এডিশন, পেপসি কোলা, টাইগার ১০০ ভাগ এনার্জি ড্রিংকস, টাইগার আনলিমিটেড, টাইগার সেক্সুয়াল এনার্জি ড্রিংকস, টাইগার ফিলিংস, বিয়ার ফিলিং, টাইগার ইনস্ট্যান্ট এনার্জি ম্যাঙ্গো ড্রিংকস, রয়েল সুজি, রাঁধুনি সুজি, চালসহ বিভিন্ন পণ্যের নাম লেখা রয়েছে। প্রতিষ্ঠানটি পণ্য তৈরিতে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে মানচিহ্ন ব্যবহার করেছে। রয়েল অ্যাগ্রোর পক্ষ থেকে গত বছরের ১১ নভেম্বর একটি দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি ও ট্রেডমার্ক সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে রাঁধুনি পাগল চাল, রাঁধুনি পাগল চিনিগুঁড়া চাল, ও রাঁধুনি পাগল বিভিন্ন গুঁড়া মসলার নাম দেখা যায়। কিন্তু ওই প্রতিষ্ঠানের সরবরাহ বইয়ে এসব পণ্যের নামের সঙ্গে পাগল শব্দটি নেই। এতে ভোক্তারা আসল রাঁধুনি পণ্য ভেবে কিনে প্রতারিত হয়।নকল ও আসল পণ্য চেনার উপায় সম্পর্কে বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ বলেন, বিএসটিআইয়ের অনুমোদিত আসল পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ, পণ্যের ওজন, পরিমাপ, প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ঠিকানা থাকবে। এর ব্যতিক্রম হলে পণ্যটি অনুমোদনবিহীন বলে ধরতে হবে। রয়েল অ্যাগ্রো অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের তৈরি টাইগার এনার্জি ড্রিংকসের মোড়কে ঠিকানা রয়েছে গাজীপুর, বাংলাদেশ।রয়েল অ্যাগ্রোর প্রধান নির্বাহী এম এ হাকিম বলেন, তিনি এক মাসের কম হয় চাকরিতে যোগ দিয়েছেন। পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে তাঁদের ট্রেডমার্ক রয়েছে। তবে বিএসটিআইয়ের অনুমোদন বা অন্যান্য বিষয় কোম্পানির অন্য কর্মকর্তারা দেখেন।