ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শেষ হচ্ছে আজ
ঢাকা আইনজীবী সমিতির ২০১০-২০১১ বর্ষের নির্বাচন আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। গতকাল বুধবার নির্বাচনের প্রথম দিন ১০ হাজার ৬৭ জন ভোটারের মধ্যে দুই হাজার ৫৮ জন আইনজীবী ভোট দিয়েছেন। আজও সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। গতকাল সকাল থেকেই আইনজীবীরা উৎসবের পরিবেশের মধ্যে ভোট দিয়েছেন। জ্যেষ্ঠ থেকে শুরু করে নবীন আইনজীবীরা নিজ নিজ দলের প্রচার-প্রচারণাও চালিয়েছেন। প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ২৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রার্থী কাজী মো. নজিবুল্লাহ হিরু। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. সানাউল্লাহ মিয়া। এই প্যানেলে সাধারণ সম্পাদক পদের প্রার্থী মো: আনোয়ার জাহিদ ভূঁইয়া।