ঢাকা আঞ্চলিক গণিত উত্সব আজ শুরু
আজ শুক্রবার ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে (ঢাকা কলেজের পাশে) অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক গণিত উত্সব। এ উত্সবের মাধ্যমে কাজাখস্তানে অনুষ্ঠেয় ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল গঠনের বাছাই পর্বের ১৩টি আঞ্চলিক গণিত উত্সব শেষ হবে। এর আগে দেশের বিভিন্ন জেলায় গণিত উত্সবের আয়োজন করা হয়।ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে অনুষ্ঠেয় এ উত্সবে এক হাজার ৬৩৩ জন শিক্ষার্থী অংশ নেবে। নিবন্ধন করা শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে এবং নিবন্ধন কার্ড নিয়ে সকাল নয়টায় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে উপস্থিত থাকতে বলা হয়েছে।দিনব্যাপী এ উত্সবের মূল পর্বে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এ ছাড়া থাকবে গণিত ও বিজ্ঞানবিষয়ক স্পট কুইজ, প্রশ্নোত্তর পর্ব, প্রীতি টক শো, বইমেলা, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। উত্সবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের কর্মীরা সফটওয়্যার প্রদর্শন করবে। ঢাকা আঞ্চলিক গণিত উত্সবসহ ১৩টি আঞ্চলিক গণিত উত্সবের বিজয়ীরা আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার রাজধানী ঢাকার আসাদগেটসংলগ্ন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠেয় জাতীয় গণিত উত্সব ২০১০ ও অষ্টম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।দেশবরেণ্য গণিতবিদ, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদেরা আজকের এ গণিত উত্সবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এর আয়োজক। ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় এ উত্সব অনুষ্ঠিত হচ্ছে।