ঢাকা উত্তর সিটি এলাকায় পোস্টার-ব্যানার থাকবে না: মেয়র আতিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম
ফাইল ছবি

ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকার পোস্টার ও ব্যানার অপসারণ করা হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হলরুমে করপোরেশনের দ্বিতীয় পরিষদের ১৩তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সব ধরনের পোস্টার ও ব্যানার অপসারণ করতে হবে। কাউন্সিলরদের সহায়তা নিয়ে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার ঘোষণা দেন‌ তিনি।

মেয়র বলেন, ইতিমধ্যে শহরের পরিবেশ রক্ষায় উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ১০টি অঞ্চলেই পোস্টার ও ব্যানার অপসারণ করা শুরু করেছে, যা বর্তমানে চলমান আছে। কাউন্সিলরদের সহযোগিতায় ও ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে এ কার্যক্রম চলমান থাকবে।

সংস্থার প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক অবসরোত্তর ছুটিতে যাওয়ায় তাঁকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয় আজকের সভায়।

সভায় সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ সব কাউন্সিলর ও করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।