ঢাকা ও জাপানের গিফু বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভিডিও সম্মেলন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাপানের গিফু বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভিডিও সম্মেলন পদ্ধতি চালু হয়েছে। গতকাল বুধবার উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ পদ্ধতি উদ্বোধন করেন। এর ফলে ভর্তি, শিক্ষা, গবেষণা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সহজেই যোগাযোগ করতে পারবেন। ঢাকার কারওয়ান বাজারের বি জে ইন্টারন্যাশনাল অফিসে এই ভিডিও সম্মেলন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর উপাচার্য আরেফিন সিদ্দিক জাপানের গিফু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ডিন ও অন্যান্যের সঙ্গে টেলিকনফারেন্সে অংশ নেন। তাঁরা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান সম্পর্ক আরও গতিশীল ও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় গিফু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাত্ক্ষণিক যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে শিগগিরই কম্পিউটারভিত্তিক ‘হট লাইন’ স্থাপনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষক ও শিক্ষার্থী বি জে ইন্টারন্যাশনাল অফিসে এসে এ সুবিধা ভোগ করতে পারবেন।