র্যাবের ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরে অভিযান চালিয়েছেন। অভিযানকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরে কিছুটা অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় সেখানে কর্মরতদের সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত দুপুর পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরে যান। সেখানে সেদ্ধ ডিমের কয়েকটি আংশিক ভাঙা এবং নালার পরিবেশ নোংরা দেখতে পান আদালত। এসব কারণে রান্নাঘরে কর্মরতদের সতর্ক করা হয়। আদালত রান্নাঘর-সংলগ্ন ভান্ডার কক্ষও ঘুরে দেখেন। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, এ হাসপাতালের রান্নাঘরের পরিবেশ অনেকটা ভালো। নালাসহ কিছু জায়গা অপরিচ্ছন্ন দেখা গেছে, যা কাম্য নয়। এ কারণে রান্নাঘরে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক করা হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক সাংবাদিকদের বলেন, এ হাসপাতালের রান্নাঘর ৮০০ থেকে এক হাজার রোগীর খাবার তৈরির জন্য উপযোগী। কিন্তু বর্তমানে সেখানে প্রতিদিন তিন বেলা প্রায় সাত হাজার রোগীর খাবার রান্না করতে হচ্ছে। এ কারণে পরিবেশ কিছুটা অপরিচ্ছন্ন থাকতে পারে। ভবিষ্যতে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে। তিনি বলেন, হাসপাতালে আগত একজন রোগীর সঙ্গে কখনো কখনো চার-পাঁচজন পরিচর্যাকারীও অবস্থান করেন। এতে হাসপাতালের পরিবেশ নোংরা হচ্ছে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন। ঢাকা মেডিকেলের পর ভ্রাম্যমাণ আদালত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রান্নাঘরে অভিযান চালান। আদালত দেখতে পান, দুপুরের রান্না শেষে কর্মচারীরা রান্নাঘর পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত রয়েছেন। রান্নাঘরে কোনো ত্রুটি পাওয়া যায়নি। এ সময় হাসপাতালের একজন কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতকে বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এভাবে অভিযান চালানোয় হাসপাতালের মান ক্ষুণ্ন হয়েছে। র্যাব-৩-এর উপপরিচালক খালিদ শামস ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন বিএসটিআইয়ের কর্মকর্তা আসিফ খান ও র্যাব-৩-এর একটি দল।