ঢাকা কমার্স কলেজের ১১ শিক্ষার্থীর শাস্তি
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজধানীর ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের মধ্যে সাতজন ছাত্র ও চারজন ছাত্রী।
১২ মে কলেজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিলেও গতকাল রোববার সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয়। কলেজের ওয়েবসাইটে দেখা যায়, এই সিদ্ধান্তের নোটিশ সেখানে দেওয়া হয়েছে। এতে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের নাম, শ্রেণি ও রোল নম্বর তুলে দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, ১১ শিক্ষার্থীর মধ্যে এক ছাত্র ও এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। বাকি নয়জনের ভর্তি বাতিল করা হয়েছে।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ আবু সাঈদ বলেন, কলেজ চলাকালীন ওই সব শিক্ষার্থী মারাত্মক শৃঙ্খলাপরিপন্থী কাজ করেছিল। এ জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, যাদের ভর্তি বাতিল করা হয়েছে, তাদের অভিভাবক ও অভিযুক্ত শিক্ষার্থীদের জবাব যদি সন্তোষজনক হয়, তবে তাদের মুচলেকার ভিত্তিতে বিবেচনা করা হতে পারে। তবে বহিষ্কৃত শিক্ষার্থীদের ব্যাপারে বিবেচনার কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, এসব শিক্ষার্থীর একটি ভিডিও বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।