ঢাকা কলেজে ‘তথ্যচিত্রে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা’ অনুষ্ঠিত
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রাজধানীর ঢাকা কলেজে ‘তথ্যচিত্রে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে কলেজের টেনিস গ্রাউন্ডে আয়োজিত এই আয়োজনে বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিভিন্ন তথ্য ও স্থিরচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘অসংখ্য মানুষের আহাজারি, বুকভরা হাহাকার এবং কষ্টের বিনিময়ে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। রাজাকারের উত্তরসূরীরা এখনও আমাদের চারপাশে আছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সুযোগ পেলে এরা মাথাচাড়া দিয়ে উঠবে।’
এ সময় নেহাল আহমেদ আরও বলেন, ‘বর্তমানে আমরা পাকিস্তানের তুলনায় সবদিক দিয়ে এগিয়ে রয়েছি। বিভিন্ন সূচকে পাকিস্তান আমাদের থেকে অনেক পিছিয়ে আছে। এই অর্জন ধরে রাখতে হবে।’
ঢাকা কলেজের উপাধ্যক্ষ মইনুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আমিরুল ইসলাম, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কুদ্দুস শিকদারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।