ঢাকা কলেজের ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সংঘর্ষ চললেও দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে যায়
ছবি: তানভীর আহাম্মেদ

ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে নিউমার্কেটসহ আশপাশের মার্কেটগুলোর ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে মোমবাতি প্রজ্বালন করে প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ছাত্রদের সমর্থন জানান।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আতিকুর রহমান বলেন, ‘এই সময়ে এসে কেন বিদ্যাপীঠের দিকে তাক করে টিয়ার শেল নিক্ষেপ করা হবে। এমন দৃশ্য আমাদের কষ্ট দেয়। আমরা এসব ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং আগামী দিনে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে পদক্ষেপ চাই।’

সোমবার রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ বাধে। দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত চলে সংঘর্ষ। এরপর মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী ব্যবসায়ীদের সঙ্গে আবার থেমে থেমে চলে সংঘর্ষ।

একই ঘটনায় পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। সন্ধ্যা সাড়ে সাতটায় কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে একটি বিক্ষোভ মিছিল বের করে রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিতে সরকারি সোহরাওয়ার্দী কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সদরঘাট প্রধান সড়ক বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা আবার বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসে ফিরে যান। এ সময় তাঁরা হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন।

এ ছাড়া দুপুরে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিলেন।