ঢাকা কলেজের ছাত্রাবাসে রাতভর পুলিশের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজ ও পাশের টিচার্স ট্রেনিং কলেজের (টিটি কলেজ) ছাত্রদের মধ্যে সংঘর্ষ এবং হামলার অভিযোগে গত বুধবার গভীর রাতে পুলিশ ঢাকা কলেজের ছাত্রাবাসে অভিযান চালায়। রাত ১২টা থেকে ভোর চারটা পর্যন্ত এই অভিযান চলে। এ সময় পুলিশ ঢাকা কলেজের ছাত্রাবাস থেকে দেশে তৈরি একটি রিভলবার, চাপাতি, কিরিচসহ বিপুল পরিমাণ লোহার রড ও পাইপ উদ্ধার করে। এ সময় বিভিন্ন ছাত্রাবাস থেকে সন্দেহজনক ১৩ জনকে আটক করা হলেও পরে কলেজ কর্তৃপক্ষের অনুরোধে তাদের ছেড়ে দেওয়া হয়।নিউ মার্কেট থানার পুলিশ জানায়, হামলার অভিযোগে টিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঢাকা কলেজের শতাধিক উচ্ছৃঙ্খল ছাত্রকে আসামি করে বুধবার রাতে একটি মামলা করেন। এই মামলা হওয়ার পর পরই পুলিশ অভিযান শুরু করে।টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক রেজাউল করিম জানান, হামলাকারীদের তাত্ক্ষণিক শনাক্ত করতে না পারায় মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। আগামী রোববার হামলার ঘটনাটি লিখিতভাবে শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হবে।নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, অভিযানের সময় কলেজের নর্থ হলের দোতলার টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আশপাশের থানার সহযোগিতায় অভিযান চালানো হয়।তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার ঢাকা কলেজ ও টিটি কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনার পর ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।